চীনের সঙ্গে সীমান্ত সংকটের সমাধান প্রশ্নে ভারতের সব বিরোধী দলই দৃঢ়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পাশে দাঁড়াল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী নেতারা এই বিষয়ে সরকারকে আশ্বস্ত করেছেন।
ভারত, ভুটান ও চীন সীমান্তে চীনের সাম্প্রতিক ‘আগ্রাসী’ ভূমিকা নিয়ে বিরোধীরা তেমন কোনো প্রশ্ন না তুললেও কাশ্মীর পরিস্থিতি নিয়ে সম্প্রতি সরকারকে যথেষ্ট সমালোচনায় পড়তে হয়। তা সত্ত্বেও বিরোধীরা উপত্যকায় সন্ত্রাসী আক্রমণ কড়া হাতে মোকাবিলার কথা বলেছে। সম্প্রতি অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বিরোধী নেতারা বৈঠকে বলেন, রাজ্যের সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের আস্থা অর্জনের চেষ্টা সরকারকে করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারি বাসভবনে গতকাল বিকেল সোয়া পাঁচটায় বৈঠকটি বসে। প্রায় চার ঘণ্টা ধরে তা চলে। কদিন আগে পায়ে আঘাত পাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছেন না বলেই এই ব্যবস্থা। সেখানেই উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
আগামী সোমবার থেকে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে এই সর্বদলীয় বৈঠক ডাকার মধ্য দিয়ে বিরোধীদের সীমান্ত সমস্যা নিয়ে অবহিত করে সরকার রাষ্ট্রীয় ঐকমত্য সৃষ্টির চেষ্টাই করেছে। সরকার সেই লক্ষ্যে অবশ্যই সফল। বিদেশনীতি নিয়ে বিশেষ করে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে ১৯৬২ সালের পর কখনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। এই সংকট আরও গুরুতর, কারণ এটা শুধু ভারত ও চীনের দ্বিপক্ষীয় বিষয় নয়, এর মধ্যে ভুটানও রয়েছে, যার নিরাপত্তার সঙ্গে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত।
ভারত, ভুটান ও চীন সীমান্তের ডোকলাম এলাকায় ভুটানের অভ্যন্তরে চীন কেন রাস্তা নির্মাণ করছে, কেন ভারত তাতে বাধা দিয়েছে, কেন সেখান থেকে সেনা না সরানোর সিদ্ধান্তে ভারত অবিচল—পররাষ্ট্রসচিব তা ব্যাখ্যা করেন।
ভারতের সিকিম রাজ্য ও চীনের স্বায়ত্তশাসিত তিব্বতকে বিভক্তকারী নাথুলা গিরিপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত সংকীর্ণ মালভূমি ডোকলাম চীন ও ভুটান সীমান্তের বিতর্কিত একটি এলাকা। উভয় দেশই একে নিজের অংশ বলে দাবি করে।
বিভিন্ন সূত্র অনুযায়ী, ডোকলাম সীমান্তে ভারতীয় অবস্থান বৈঠকে উপস্থিত বিরোধী দলগুলো সমর্থন জানিয়েছে। নেতারা বলেন, প্ররোচনায় পা দেওয়া উচিত নয়। কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে সমস্যা মোকাবিলার চেষ্টা চালাতে হবে। তবে কোনোভাবেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা উচিত হবে না। সে জন্য সীমান্ত প্রহরা আরও জোরদার করা প্রয়োজন।
পররাষ্ট্রসচিব জয়শঙ্কর বলেন, অতীতেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। এই প্রথম চীনা মনোভাব অন্য রকম। প্রতিবারই ধৈর্যের সঙ্গে ভারতীয় নেতৃত্ব পরিস্থিতির মোকাবিলা করেছেন। এবারেও তারই চেষ্টা চলছে।
ডোকলাম এলাকার ভৌগোলিক অবস্থান কেন ভারতের ক্ষেত্রে জরুরি, কী কারণে সেই অবস্থানের সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তা ব্যাখ্যা করেন। তিনি জানান, আন্তর্জাতিক স্তরেও ভারত সক্রিয়। ডোকলাম অবস্থানে ভারত ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পেয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রাইজার্ড জারনেচকি গতকালই এক নিবন্ধে লিখেছেন, চীন বরাবর এভাবেই তাদের শাখা-প্রশাখা বিস্তৃত করে চলেছে। তবে ডোকলামে ভারত যে দৃঢ়তার সঙ্গে চীনকে প্রতিরোধ করবে, বেইজিং তা কল্পনা করেনি।
প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বিরোধী নেতাদের বলেন, ডোকলামসহ সমগ্র ভারত-চীন সীমান্তে সেনাবাহিনী সজাগ রয়েছে। বিরোধী নেতারা বৈঠকে বলেন, সীমান্ত সুরক্ষিত করতে যা যা করা দরকার, সরকার যেন তা করে। সব বিরোধী দলই এই প্রশ্নে সরকারের সঙ্গে আছে।
কংগ্রেস থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন গুলাম নবি আজাদ। বৈঠকের পর তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সবার ওপরে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ লাভের সময় এটা নয়। একই সুর সিপিএমের সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, জনতা দল সংযুক্তর কে সি ত্যাগীসহ সবার কণ্ঠে। যদিও কাশ্মীর নীতি নিয়ে বিরোধী সুর চড়া। লোক জনশক্তি পার্টির রামবিলাম পাসোয়ান বলেন, সব দলই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও সংসদে সরকারকে কাশ্মীর নিয়ে বিরোধী প্রশ্নের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।