মোদি 'সমাজকর্মী', রাহুল 'কুশলী পরামর্শক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর কৌশল ভরাডুবি ছাড়া অন্য কোনো ফল বয়ে আনেনি। তাই বলে নিজেকে ‘কুশলী পরামর্শক’ হিসেবে তুলে ধরতে কোনো দ্বিধা নেই তাঁর।
একইভাবে রাজনীতি করলেও নিজেকে ‘সমাজকর্মী’ হিসেবে পরিচয় দিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান ও বহরামপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একগাদা ফৌজদারি মামলা থাকলেও নিজের পেশা হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘সমাজ সংস্কারক’।
১৬তম লোকসভার ৫৩৯ জন সদস্যের পেশার তালিকায় বেরিয়ে এসেছে এসব বিচিত্র তথ্য। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।
লোকসভার ওয়েবসাইটে দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাংসদেরা ৩৩ ধরনের পেশার সঙ্গে যুক্ত। এ তালিকায় আছে কৃষিকাজ, নির্মাণকাজ, চিকিত্সাসেবা, শিক্ষকতা, ক্রীড়াবিদ, চিত্রশিল্পী, শিল্পপতি, নিজ ধর্মের প্রচারক, সমাজ সংস্কারক ইত্যাদি।
বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানির পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সাংবাদিকতা’। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও স্পিকার সুমিত্রা মহাজনের পেশা ‘আইন ব্যবসা’।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ‘শিক্ষক’। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ‘রাজনীতিক ও সমাজকর্মী’। সোনিয়ার জা ও গান্ধী পরিবারের আরেক বউ মানেকা গান্ধী নিজেকে পরিচয় দিয়েছেন ‘লেখক’ হিসেবে।

লোকসভার বর্তমান সাংসদ ও টেস্ট ক্রিকেট খেলোয়াড় কীর্তি আজাদ নিজেকে ‘ক্রীড়াবিদ’ হিসেবে পরিচয় দিয়েছেন। লোকসভায় বর্তমানে নয়জন ‘চিত্রশিল্পী’ ও সাতজন ‘চলচ্চিত্রশিল্পী’ রয়েছেন।