মোদিকে চিঠি ১২ বিরোধী নেতার
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে গণ বিপর্যয়ের সঙ্গে তুলনা করে দেশের প্রধান ১২ বিরোধী দলের নেতারা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। তাতে করোনা মোকাবিলায় বিনা মূল্যে টিকা দেওয়ার দাবির পাশাপাশি টিকা উৎপাদন বাড়ানো, টিকার জন্য বাজেট বরাদ্দ ৩৫ হাজার কোটি রুপি খরচ, গরিবদের হাতে মাসে ৬ হাজার রুপি দেওয়াসহ একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে তাঁরা বলেছেন, এই সময় তাঁর সাধের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ যেন স্থগিত রাখা হয়। বিরোধী নেতারা মোট আট দফা দাবির মধ্যে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে দরিদ্রদের বিনা মূল্যে খাদ্য শস্য বিতরণের ওপরও জোর দিয়েছেন। আর বলা হয়েছে, প্রধানমন্ত্রীর তহবিলের টাকায় প্রয়োজনীয় অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম দ্রুত কেনা হোক।
চিঠিতে বিভিন্ন দলের নেতারা লিখেছেন, অতীতে বারবার সরকারকে সজাগ ও সতর্ক করে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকার সব সময় তা উপেক্ষা করেছে। প্রস্তাব গ্রহণে অস্বীকার করেছে যা সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক দিক থেকে এই চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, এই চিঠির মধ্য দিয়ে বিভিন্ন বিরোধী দলের নেতা বিজেপি বিরোধী এক ব্যাপক জোট গঠনের সম্ভাবনা নতুন করে উসকে দিতে পারলেন। চিঠির শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়েছে, অতীতে কখনো এই ধরনের চিঠির জবাব তিনি নিজে অথবা তাঁর দপ্তর দেয়নি। প্রস্তাব অনুযায়ী কিছু করা হয়েছে কি না তাও জানানো হয়নি। কিন্তু এবার তা করা হবে বলে তাঁরা আশা করছেন। যেহেতু গোটা দেশের মানুষের স্বার্থ এর সঙ্গে জড়িত।
গত বুধবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেখানে সভানেত্রী সোনিয়া গান্ধী বিজেপির বিরোধিতায় বিরোধীদের এক জোট হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। সেই বৈঠকের পরের দিন প্রধানত সোনিয়ার উদ্যোগে এই চিঠি লেখার সিদ্ধান্ত হয়। লক্ষণীয়ভাবে সেই চিঠিতে যে ১২ দলের নেতা সমর্থন জানিয়েছেন, তাঁদের অনেকেই এক সঙ্গে এভাবে কাছাকাছি আসেননি। কংগ্রেসের উদ্যোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এগিয়ে এসেছেন, তেমনই সই করেছেন সিপিএমের সীতারাম ইয়েচুরিও। সর্বভারতীয় নেতাদের মধ্যে অনুপস্থিত বিএসপি নেত্রী মায়াবতী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল।
চিঠিতে সই করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, সংযুক্ত জনতা দলের দেবে গৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, শিবসেনার উদ্ভব ঠাকরে, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকের এম কে স্তালিন, ঝাড়খন্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, কাশ্মীরের গুপকর অ্যালায়েন্সের ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইয়ের ডি রাজা ও সিপিএমের সীতারাম ইয়েচুরি।