মোদিকে টেক্কা প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে নতুন রূপে প্রণব মুখার্জি। ছবি পিটিআইয়ের সৌজন্যে
ভারতের রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে নতুন রূপে প্রণব মুখার্জি। ছবি পিটিআইয়ের সৌজন্যে

ভারতের সংবাদমাধ্যমে এখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি দামি স্যুটের নিলাম নিয়ে বেশ হইচই হচ্ছে। একই সময় ইন্টারনেট মাতাচ্ছেন আরেকজন। তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 
গতকাল বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে প্রণব মুখার্জির কিছু ভিন্ন ধরনের ছবি সাইবার জগতে সাড়া ফেলেছে। সেখানে তাঁকে নতুন রূপে দেখা গেছে।
ফ্যাশন সচেতন হিসেবে প্রধানমন্ত্রী মোদির বেশ নাম-ডাক আছে। ফ্যাশনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও যে পিছিয়ে নেই, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর সাম্প্রতিক ছবিগুলো তারই প্রমাণ।
গত সপ্তাহে জনসাধারণের দেখার জন্য মুঘল গার্ডেন উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে নতুন রূপে দেখা মেলে প্রণব মুখার্জির। তাঁর পরনে ছিল কালো রঙের স্যুট, কালো জুতা ও কালো রোদচশমা। ছবিতে তাঁর পোজও আসে দারুণ।
প্রণব মুখার্জির ওই সাজের কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর এই ছবি ইতিমধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা সম্ভবত তাঁদের রাষ্ট্রপতির নতুন ‘লুক’ পছন্দ করেছেন। তাঁরা ওই ছবি নিয়ে বেশ মাতামাতি করছেন। 
ফেসবুক ও টুইটারে প্রণব মুখার্জির ওই ছবির জনপ্রিয়তা কোনো বড় তারকার চেয়ে কম নয়। সেই অর্থে বলা চলে, প্রধানমন্ত্রীকে ভালোই টেক্কা দিলেন রাষ্ট্রপতি।