মোদিকে দাঙ্গার বিষয়ে জবাব দিতে বললেন যুক্তরাষ্ট্রের আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে যে দাঙ্গা হয়েছিল তা বন্ধে নরেন্দ্র মোদি যথাযথ পদক্ষেপ নেননি বলে যে অভিযোগ রয়েছে সে সম্পর্কে তাঁকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়েই আদালতের এই আদেশের মুখে পড়লেন মোদি।

রয়টার্সে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, গুজরাট দাঙ্গার কারণ জানানোর জন্য মোদিকে ২১ দিন সময় দেওয়া হয়েছে। ২০০২ সালে গুজরাটে ওই দাঙ্গার ঘটনায় বেঁচে যাওয়া দুজন ব্যক্তির পক্ষ থেকে আমেরিকান জাস্টিস সেন্টার নামের একটি অলাভজনক মানবাধিকার সংস্থা মামলা দায়ের করে। গুজরাটে দাঙ্গার সময় মোদি সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী হিসেবে মুসলিম সম্প্রদায়ের প্রতি মোদির মনোভাব ছিল বিদ্বেষপূর্ণ। এ ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

আজ শুক্রবার পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোদি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি যোগ দেবেন। ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মোদির বৈঠক করার কথা।

২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা এলাকায় একটি ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গায় কমপক্ষে এক হাজার লোক নিহত হন। তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন মুসলিম। এ সময় মুখ্যমন্ত্রী হিসেবে দাঙ্গা থামিয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে মোদি যথেষ্ট ভূমিকা রাখেননি বলে সমালোচনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের আদালতের করা ওই তলবের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র। দাঙ্গার পর থেকেই মোদির প্রতি আগে যুক্তরাষ্ট্রের বিরূপ মনোভাব ছিল। ২০০৫ সালে তাঁর ভিসাও আটকে দেওয়া হয়।