নেপালে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব বা অসন্তোষ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দিয়েছে তাঁর দেশের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। খবর ইন্ডিয়া টুডের।
নেপালের পার্লামেন্টে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে নতুন সংবিধান। কিন্তু সংবিধান প্রণয়ন-প্রক্রিয়া দেশে ব্যাপক মতবিরোধের সৃষ্টি করে। সংবিধানকে কেন্দ্র করে দেশটিতে, বিশেষত সীমান্তের তরাই অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রভাবশালী প্রতিবেশী ভারতের সঙ্গেও নেপালের খানিকটা তিক্ততা সৃষ্টি হয়েছে।
নেপালের সহিংসতা, বিশেষ করে তরাই অঞ্চলের বাসিন্দা জাতিগত মদেশি ও থারু সংখ্যালঘুদের বিক্ষোভের প্রভাব উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো। এতে বলা হয়, নেপালে এই জনমত গড়ে উঠেছে যে সেখানকার বিক্ষোভে ভারতের ইন্ধন রয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ‘মদেশি ও থারুদের তৈরি করা (বাণিজ্য) অবরোধকে ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, তাতে এ অবরোধকে নেপালের জনসাধারণের কিছু অংশ ভারত সরকারের আরোপ করা অবরোধ হিসেবে চিহ্নিত করছে।’