মোদিকে হটানোর হুঁশিয়ারি নাইডুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রবাবু নাইডু
চন্দ্রবাবু নাইডু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটানোর হুঁশিয়ারি দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার বিকেলে কলকাতার মেট্রো চ্যানেলে মমতার অবস্থান ধর্মঘট মঞ্চে এসে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘গোটা দেশে এখন গণতন্ত্র বিপদের মুখে। দেশে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে। স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তাই আমরা সব দল এক হয়েছি, লড়াই শুরু করেছি মোদির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মোদিকে পরাস্ত করতে হবে। ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী এক বিকল্প প্রধানমন্ত্রীকে নিয়ে আসতে হবে।’

মমতার সিবিআইবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চন্দ্রবাবু নাইডু বলেন, মোদিবিরোধী আন্দোলনে তাঁরাও আছেন মমতার সঙ্গে।

এ দিকে মঙ্গলবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার কঠোর সমালোচনা করেছেন উত্তর প্রদেশের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সিবিআই-কলকাতা পুলিশের মামলার রায়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এখন তাঁর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত।

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, বাংলায় তৃণমূল সরকারকে উৎখাত করবে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করছেন দাগি কর্মকর্তাদের, চালিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকদের ওপর হামলা-নির্যাতন।

মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আদিত্যনাথ বলেন, মোদি দেশের উন্নয়নের জন্য বাংলায় টাকা পাঠালেও তা খেয়ে নিচ্ছে তৃণমূলের গুন্ডারা। বাংলায় বিজেপি যেদিন সরকার গড়বে, সেদিন বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে তৃণমূলের গুন্ডাদের। যেমনটা আমরা উত্তর প্রদেশে তাড়িয়েছি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টির গুন্ডাদের। তাই বিজেপির পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।