মোদিকে 'প্যাকেজিং মাস্টার' বললেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘প্যাকেজিং মাস্টার’ বলে কটাক্ষ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, একই জিনিসকে নানা মোড়কে ভরে উপস্থাপনে তাঁর জুড়ি নেই। আজ শনিবার বিহারের ভাগলপুরে এক নির্বাচনী সভায় সোনিয়া এ কথা বলেন।

ভারতের কংগ্রেস সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি বিদেশে থাকতেই বেশি ভালোবাসেন। দেশে থাকলে মানুষকে স্রেফ ভাঁওতা দেন। বিহারের ভোট দেশকে এক নতুন দিশা দেখাবে।
লালু-নীতিশের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর ৩০ আগস্ট সোনিয়া পাটনায় স্বাভিমান সমাবেশে ভাষণ দিয়েছিলেন। নির্বাচনের দিন ঘোষণার পর আজকেই তিনি প্রথম জনসভা করলেন। গত লোকসভা নির্বাচনে প্রবল মোদি-হাওয়াতেও ভাগলপুরে বিজেপি প্রার্থী শাহনওয়াজ হুসেন হেরেছিলেন। সেটি উল্লেখ করে সোনিয়া বলেন, এই কেন্দ্রের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। বিজেপিকে তাঁরা এবারও উপযুক্ত জবাব দেবেন।
বিহারের পাঁচ দফা ভোটের প্রথমটি ১২ অক্টোবর। শেষ দফার ভোট ৫ নভেম্বর। গণনা ৮ তারিখে। নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির কাছে এই ভোট বাঁচা-মরার লড়াই। মোদি মোট ২২ টির মতো জনসভা করবেন। তাঁর বিহার সফর শুরুও হয়ে গেছে। অমিত শাহ ঘাঁটি গেড়েছেন বিহারে। মোদি ছাড়া বিজেপির শীর্ষ নেতারা গোটা রাজ্যে ৫০০র মতো জনসভা করবেন। রাজ্যকে ১২টি এলাকায় ভাগ করে এক একটির দায়িত্ব দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় নেতাদের। লালু-নীতিশ-সোনিয়া-রাহুলও বসে থাকছেন না। সোনিয়া ও রাহুল দফায় দফায় রাজ্য সফরে আসবেন। দুজনে মিলে প্রায় ৫০ টির মতো জনসভায় ভাষণ দেবেন।
এক মাস আগের জরিপগুলিতে লালু-নীতিশ-সোনিয়া জোট এগিয়ে থাকলেও সাম্প্রতিক জরিপে বিজেপি-জোট সামান্য এগিয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের ৪৭ শতাংশ মানুষ পছন্দ করছেন নীতিশ কুমারকে। তুলনায় বিজেপির সুশীল মোদি পাচ্ছেন মাত্র ১৬ শতাংশের সমর্থন। এটাই হয়েছে বিজেপির বড় চিন্তা। বিহার জিততে তাই তাদের সেরা বাজি নরেন্দ্র মোদির ক্যারিশমা। মোদিও তাই উন্নয়নের স্লোগান দিয়ে বিহারকে সোয়া লাখ কোটি টাকার প্যাকেজকে হাতিয়ার করেছেন। সোনিয়া গান্ধী শনিবার ভাগলপুরে সেই প্যাকেজের উল্লেখ করেই কটাক্ষ হেনে বলেছেন, একই প্রকল্পকে নতুন মোড়কে মুড়ে পেশ করতে তাঁর জুড়ি নেই। এই ভাঁওতাবাজি বিহারের মানুষ ধরে ফেলেছেন।
মোদি মুখে যতই উন্নয়নের কথা বলুন, শেষ পর্যন্ত বিহারের ভোট যে নিছক জাতপাত-ভিত্তিক হয়ে দাঁড়াতে পারে সেই আশঙ্কা তাদের রয়েছে। লালু-নীতিশেরা তফসিল, দলিত, মুসলমান ও অনগ্রসরদের জাত্যাভিমানকেই প্রচারে গুরুত্ব দিচ্ছেন বেশি। এর মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পাটনায় ঘোষণা করেছেন, এনডিএ ক্ষমতায় এলে দলিত-অনগ্রসরদের মধ্য থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবেন। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিজেপির উচ্চবর্ণ ভোটাররা এই ঘোষণায় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।