‘মোদিজি, আপনি চুপ কেন’—প্রশ্ন কংগ্রেস নেতা কপিল সিবালের
‘মোদিজি, আপনি চুপ কেন? আপনার কাছে আমরা সহানুভূতির শুধু একটি শব্দ চাই। আর সেটি হয়তো খুব কঠিনও না। বিরোধী দলে থাকলে আপনি এর প্রতিক্রিয়া কীভাবে জানাতেন? দয়া করে আমাদের বলেন।’ খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আজ শুক্রবার কথাগুলো বলেছেন কংগ্রেস নেতা কপিল সিবাল। টুইটের প্রেক্ষাপট দেশটির উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে কৃষক আন্দোলনে সহিংসতার ঘটনা। এ ঘটনায় ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হলেও এখন পর্যন্ত চুপ রয়েছেন মোদি।
গত রোববার লাখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলন চলাকালে গাড়ি চাপায় চারজন নিহত হন। এ ঘটনার পরবর্তী সহিংসতায় মারা যান আরও চারজন। গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। এ ঘটনার পর অজয় কুমারের পদত্যাগের দাবি জানায় কংগ্রেস।
এদিকে পরদিন সোমবার চাপের মুখে আশিস মিশ্রের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ। গত মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশ জানায়, আশিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া যেদিন গাড়ি চাপা দেওয়া হয়, সেদিন ঘটনাস্থলে থাকা দুজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে তারা।
যদিও নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। তিনি বলেন, গাড়ি চাপার সময় তিনি, কিংবা তাঁর ছেলে কেউই সেখানে ছিলেন না। তবে ওই গাড়ি তাঁদের মালিকানাধীন বলে জানিয়েছেন অজয়।
এদিকে উত্তর প্রদেশের সহিংসতার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গত বুধবার লাখিমপুর খেরিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, ‘যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ না করেন, কিংবা তাঁকে বরখাস্ত না করা হয়, তাহলে মোদি সরকারের কাছ থেকে জনগণের কাছে এই বার্তা যাবে যে কেউ যদি ক্ষমতায় থাকে বা মন্ত্রী হয়, তাহলে তিনি সবকিছু করতে পারবেন।’