মোদির আশ্বাস উপেক্ষা, মহাসড়ক অবরোধ করতে যাচ্ছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষকেরা টানা আন্দোলন করে আসছেন
ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও দেশটির আন্দোলনকারী কৃষকেরা আজ রোববার দিল্লি-জয়পুর জাতীয় মহাসড়ক অবরোধ করতে যাচ্ছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কৃষকদের মহাসড়ক অবরোধ ঠেকাতে গতকাল শনিবারই গুরুগাঁও ও হরিয়ানায় চার হাজারের বেশি পুলিশ মোতায়েন  করা হয়েছে।

কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন শিগগির অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আজ স্থানীয় সময় বেলা ১১টায় কৃষকদের মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা। রাজস্থান ও হরিয়ানার কৃষকেরা এই সময়ে মহাসড়কে অবস্থান নেবেন বলে জানানো হয়েছে।

গুরুগাঁও পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা পুরোপুরি প্রস্তুত।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কৃষিসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের বিকাশে যেসব বাধা রয়েছে, নতুন আইন সেগুলো দূর করবে। তিনি আরও বলেন, ‘আমরা কৃষকদের আয় বৃদ্ধি ও তাঁদের আরও উন্নতির জন্য এসব উদ্যোগ নিয়েছি। কৃষিতে বিনিয়োগ ও কৃষকদের উপকারে সাহায্য করবে এই সংস্কার।’

প্রধানমন্ত্রী মোদির এমন আশ্বাসে ভরসা রাখছেন না আন্দোলনকারী কৃষকেরা। তাঁরা তাঁদের আন্দোলন আরও জোরদার করার উদ্যোগ নিয়েছেন। যার ধারাবাহিকতায় আজ তাঁরা দিল্লি-জয়পুর জাতীয় মহাসড়ক অবরোধ করতে যাচ্ছেন।

আগামীকাল সোমবার কৃষকেরা অনশন করবেন। এ ছাড়া এদিন জেলায় জেলায় বিক্ষোভের কর্মসূচিও আছে।

কৃষক বিক্ষোভ–সংশ্লিষ্ট তিনটি আবেদনের ওপর আগামী বুধবার শুনানি নেবেন সুপ্রিম কোর্ট।

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষকেরা টানা আন্দোলন করে আসছেন।

সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশনে প্রায় বিনা আলোচনায় পাস করা হয় কৃষিসংক্রান্ত তিনটি বিতর্কিত বিল। সেই থেকে রাজ্যে রাজ্যে কৃষক অসন্তোষের জন্ম।

সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও বিতর্কিত কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কৃষকেরা।