মোদি ও কেজরিওয়ালের সমঝোতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ মঙ্গলবার দেখা করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমঝোতার লক্ষ্যে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মোদির সঙ্গে সাক্ষাতের জন্য আজ সময় চেয়েছেন কেজরিওয়াল। তিনি সময় পেয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়।
কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যকার চলমান সম্পর্ক, সংকটসহ বিভিন্ন বিষয় দুজনের মধ্যে সাক্ষাতে আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপুল বিজয় নিয়ে দিল্লির ক্ষমতায় আসার পর কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সরকারের সঙ্গে সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের বিরোধ দেখা দেয়।
কেজরিওয়ালের অভিযোগ, কেন্দ্রের ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্দেশে দিল্লি পুলিশ ও লেফটেন্যান্ট গভর্নর এএপি সরকারকে হয়রানি করছে।