মোদির কটাক্ষে মহা খাপ্পা সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাইভিত্তিক তামিল দৈনিক ডেইলি থানথির রজতজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটার থেকে নেওয়া।
চেন্নাইভিত্তিক তামিল দৈনিক ডেইলি থানথির রজতজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটার থেকে নেওয়া।

নোট বাতিল, পণ্য ও সেবা কর (জেএসটি) নিয়ে বেশ বিপাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধীর অর্থনীতির চাকা, কমেছে প্রবৃদ্ধির হার। তাঁর নেওয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের সমালোচনা করছেন অর্থনীতিবিদেরা। এমন পরিস্থিতিতে তাঁর পরস্পরবিরোধী মন্তব্যে খেপেছেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিকেরা। গণমাধ্যমকে নিয়ে মোদির বক্তব্যের কঠোর সমালোচনা করছেন তাঁরা।

গতকাল সোমবার চেন্নাইভিত্তিক তামিল দৈনিক ডেইলি থানথির রজতজয়ন্তীতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জনস্বার্থে সম্পাদকীয় স্বাধীনতা বিবেচনার সঙ্গে ব্যবহার করা উচিত। লেখার স্বাধীনতার মানে ‘সত্যিকারের ভুল’ যুক্ত করা নয়। মহাত্মা গান্ধীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মোদি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এটা অবশ্যই একটা ক্ষমতা। এই ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক কাজ।

মোদি আরও বলেন, ‘গণমাধ্যমের উচিত রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক প্রতিবেদনের চেয়ে ভারতের ১২৫ কোটি জনতার গল্প ও সাফল্য নিয়ে মনোযোগ দেওয়া।’

মোদির এই বক্তব্যকে অগ্রহণযোগ্য বলছেন সাংবাদিকেরা। মোদি যা বলছেন এবং যা করছেন, তার মধ্যে অনেক ফারাক আছে বলে মনে করছেন তাঁরা। দ্য ওয়্যারে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক মোদির বক্তব্যের বিরোধিতা করে মন্তব্য করেছেন।


দৈনিক হিন্দুস্তানের সাবেক সম্পাদক মৃণাল পান্ডে বলেছেন, ‘আমি আশা করি, কেউ কূটতর্ক করার জন্য গণমাধ্যমকে বাছাই করবে না। তাঁর বক্তব্যে যা পাওয়া যাচ্ছে তা হলো, পুরো মিডিয়াকে একই তুলি দিয়ে কমবেশি একে ফেলা হচ্ছে। আমি মনে করি, কঠিন পরিস্থিতে মিডিয়া অনেক সাহসের কাজ করেছে। যখন জনসাধারণের সামনে বক্তব্য রাখার সময় তা অবশ্যই স্বীকার করা উচিত। কোনো মিডিয়া অন্যায় করেছে—প্রধানমন্ত্রী এমন প্রমাণ পেলে তাদের নাম উচ্চারণ করে ভর্ৎসনা করতে পারতেন। সেটা করার পরিবর্তে তিনি পুরো মিডিয়ার মধ্যে দাগ কাটলেন। আর আমি মনে করি, যেসব মিডিয়া ভালো কাজ করছে, তাদের জন্য এটা ন্যায্য হয়নি।’

সম্পাদকীয় স্বাধীনতার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মৃণাল পান্ডে বলেন, তিনি বলেছেন যে এটির অপব্যবহার করা উচিত নয়। অথচ গণতন্ত্রের চারটি স্তম্ভেই এই ধরনের অপব্যবহারের উদাহরণ রয়েছে। মিডিয়া কিন্তু কখনো বলেনি পুরো বিচার বিভাগ বা সব নির্বাহী কর্তব্যে অবহেলা করছেন। বরং গণমাধ্যম অনেক ক্ষেত্রে জনগণের স্বার্থে সঠিকটি তুলে ধরে অত্যাচারিত হয়েছে। প্রধানমন্ত্রী কি নিজেও তাঁর বক্তব্যকে অসমর্থন করেন না?

সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক বি আর পি ভাস্কর। তিনি বলেন, ‘আমার মনে আছে, জরুরি অবস্থার আগে মিডিয়া নিয়ে ইন্দিরা গান্ধীও মোদির মতো একই রকম কথা বলেছিলেন। যেহেতু রাজনীতি ভারতের ১২৫ কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে, এটি এমন একটি ক্ষেত্র যেখানে মনোযোগ দেওয়ার একটি পেশাদারি এবং নৈতিক দায়িত্ব রয়েছে মিডিয়ার। মন্দ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজ অন্য যেকোনো কিছুর চেয়ে মানুষের বেশি ক্ষতি করে। আর তাই এর প্রতি মিডিয়ার মনোযোগ দেওয়া জরুরি হয়ে পড়ে।’

ইন্ডিয়া টুডে গ্রুপের পরামর্শক সম্পাদক রাজদীপ সারদেশাই বলেন, ‘প্রথম দৃষ্টিতে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের মধ্যে কেউই এটা অস্বীকার করতে পারবে না যে অধিক যথার্থতা নিশ্চিত করতে আমাদের বাধা দূর করতে হয়। এমন জায়গায় মনোযোগ দিতে হবে, যা রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ। তবে আমি চাইব, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান সম্পর্কে আরও বলবেন। উদাহরণস্বরূপ বলা যায়, প্রধানমন্ত্রী রাজস্থান সরকারের অধ্যাদেশ প্রচারের জন্য মিডিয়াকে ঠেলে দিচ্ছেন। যেখানে আরও অনেক বিষয় রয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইব. অপরাধমূলক বলতে তিনি কী বোঝাচ্ছেন? প্রধানমন্ত্রী কি এটি বিশ্বাস করেন, ঔপনিবেশিক আইন, যা ব্রিটিশ আদালত থেকে সরানো হয়েছে, তা ভারতীয় সংবিধানে যুক্ত হতে পারে?’

রাজদীপ সারদেশাই প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী কি আমাকে বলবেন, জ্যেষ্ঠ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অপরাধীরা এখনো ধরা না পড়ার বিষয়ে তাঁর জবাব? হিন্দু–মুসলিমবিষয়ক দ্বন্দ্ব যেখানে মিডিয়া শিথিল করতে চাইছে, সেখানে তাঁর অবস্থানটি কী? আমি চাই এ বিষয়ে তাঁর একটি জোরালো বার্তা।’

দ্য ক্যারাভান রাজনৈতিক প্রতিবেদক হরতোষ সিং বাল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে গণমাধ্যমকে অধিকতর নির্ভুল ও দায়িত্বের সঙ্গে কাজ করার বিষয়টি ধারণ করতে হবে। তবে তাঁর সরকারের ধাঁচ বিবেচনা করলে বিষয়টি মজার। প্রথমত, তিনি বলেছেন তথ্য যাচাইয়ের বিষয়ে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীই কখনো সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন না। তাঁর সরকার তথ্য অধিকার আইন অনুযায়ী সংবাদমাধ্যমের প্রশ্নে সাড়া দেয় না। তিনি তথ্য প্রদান বন্ধ করতে চান। সরকার এমন মিডিয়ার প্রতি আগ্রহী নয়, যে যাচাই করে। বরং সরকার তথ্যের একমুখী চলাচল পছন্দ করে, যা সে দেখিয়ে দিচ্ছে তার নিজের সুবিধার্থে।’

দ্য ওয়্যার অবলম্বনে শাকিলা হক