মোদির টুইটার হ্যান্ডেল হ্যাকড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাকড হয়েছিল। আজ রোববার এ ঘটনা ঘটে। এরপর এই অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া পোস্ট দেওয়া হয়েছিল।

মোদির টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার পর সেখানে যে পোস্ট দেওয়া হয়েছিল, তাতে উল্লেখ করা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বৈধ করা হচ্ছে। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার কিছুক্ষণের মধ্যে তা ফেরত পাওয়া গেছে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে একটি টুইট বার্তা দিয়ে তা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল। এই সময় যে টুইটগুলো করা হয়েছে, সেগুলো উপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মোদির এই টুইটার হ্যান্ডেলটি ভেরিফায়েড। সরকারের অনেক সিদ্ধান্তের কথা তিনি এর মাধ্যমে জানিয়ে থাকেন। অ্যাকাউন্টটি উদ্ধারের পর ভুয়া টুইটগুলো মুছে ফেলা হয়েছে। তবে মুছে ফেলার আগেই এ টুইটটি অনেকেই শেয়ার করেছেন।

মোদির অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা এই প্রথম নয়। এর আগে মোদির যে ব্যক্তিগত ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে, সেগুলো হ্যাক হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে এ ঘটনা ঘটে।