মোদির পাগড়ির নতুন পালক ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি। এএফপি ফাইল ছবি
নরেন্দ্র মোদি। এএফপি ফাইল ছবি

স্লোগান ছিল ‘চলো পাল্টাই’। সেই স্লোগান নরেন্দ্র মোদির বিজেপি বাস্তবায়ন করে তুলল বাম দুর্গ ত্রিপুরায়। তা সম্ভব করতে বিজেপির নেতা-কর্মীরা আরও এক স্লোগান এবং এক ব্যক্তির ভাবমূর্তির সাহায্য নিয়েছিলেন। ‘মানিক সরকার বনাম মোদি সরকার’।

বলতে দ্বিধা নেই, ‘মানিক বনাম মোদি’র লড়াইয়ে ত্রিপুরাবাসী দ্বিতীয়জনকেই আঁকড়ে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ভরসা ও আস্থা রাখতে চেয়েছে। সমর্থনের আঁচল বিছিয়ে দিয়েছে রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে। সেই রাজ্য, ভোটের নিরন্তর প্রচারে বিজেপির কাছে যা ছিল ‘ঢেউহীন বদ্ধ ডোবা’।

ত্রিপুরায় সিকি শতকের বাম শাসনের পতন কেন ঘটল? রাজ্যের রাজনৈতিক ইতিহাসে যে দলটির কোনো পরিচয় ছিল না, পাঁচ বছর আগে যারা মাত্র দেড় শতাংশ ভোট পেয়েছিল, সেই বিজেপি কীভাবে সিপিএম নামক মহিরুহটি এভাবে উপড়ে দিতে পারল? কোন জাদুদণ্ডের সাহায্যে?

প্রধানত তিনটি উপায়ে। তিন মাস আগে ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলায় গিয়ে আলাপ করেছিলাম সুনীল দেওধরের সঙ্গে। ৫২ বছরের এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রচারক, যিনি ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে বারানসিতে জেতাতে মাটি কামড়ে পড়ে ছিলেন এবং যাঁর ওপর ত্রিপুরা জয়ের দায়িত্ব ছেড়ে নিশ্চিন্তে থাকতে চেয়েছিলেন মোদি-অমিত শাহ জুটি, তিনি তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন। তাঁর প্রথম কাজ ছিল উপজাতিদের মধ্যে সংগঠন গড়ে তোলা। এই কাজটা সুনীল দেওধর তিন বছর ধরে নিরলসভাবে করে গেছেন। ঠিক সিপিএমের ধাঁচে রাজ্যে গড়ে তুলেছেন ছাত্র, যুব, মহিলাদের নানা সংগঠন। সাংগঠনিক জোরের পাশাপাশি উপজাতি দল ‘ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা’ সংক্ষেপে যা ‘আইপিএফটি’, যারা স্বাধীন তুইপ্রল্যান্ডের দাবিদার, তাদের সঙ্গে জোট বাঁধার প্রস্তুতিও সুনীল দেওধর সেরে রাখেন। তিন মাস আগে তিনি বলেছিলেন, ‘উপজাতিদের জন্য সংরক্ষিত এই ২০টি আসনে বিরোধীরা দাঁত ফোটাতে পারত না। বামেরা তাই এত দিন ধরে গণনা শুরুই করে এসেছে +২০ দিয়ে। ওই মৌরসিপাট্টায় ঘা দেওয়া আমাদের প্রথম লক্ষ্য।’ সেই লক্ষ্য পূরণে উপজাতিদের কাছে গিয়ে তাঁরা প্রচার করেছেন, ‘আপনাদের ক্ষতি বাঙালিরা করেনি। করেছে বামপন্থীরা। উপজাতিদের জন্য সিপিএমের দরদ স্রেফ মুখে। না হলে পলিটব্যুরোয় উপজাতিদের স্থান হতো।’

বিজেপির দ্বিতীয় কাজটা ছিল সমতল ও পাহাড়ে উপজাতি ও অ-উপজাতিদের মধ্যে রাজনৈতিক ভারসাম্য গড়ে তোলা। উপজাতিদের সঙ্গে জোট বাঁধলে সমতলের বাঙালি ভোটারদের মনে বিজেপি সম্পর্কে যাতে ভ্রান্ত ছবি ফুটে না ওঠে, সে জন্য শুরু থেকেই তারা আর্থিক সুরাহার স্বপ্ন দেখিয়ে গেছে। মাত্র ৩৮ লাখ মানুষের এই ছোট্ট রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। ১০০ দিনের কাজের মজুরি দ্বিগুণ বৃদ্ধি করার কথা শুনিয়েছে। রাজ্যভাগ রাজ্যবাসী মেনে নেবে না, বিজেপি তা জানে। দাবিতে অনড় থাকলেও আইপিএফটিরও তা জানা। বিজেপি তাই উপজাতি স্বশাসনের পাশাপাশি কেন্দ্রের ‘ডাইরেক্ট ফান্ডিং’-এর ওপর জোর দিয়েছে।

নরেন্দ্র মোদির ছবি সামনে রেখে বিজেপি যে প্রচার এত দিন ধরে চালিয়ে এসেছে, তার মূল লক্ষ্য ছিল যুবসমাজ। এটাই ছিল বিজেপির তৃতীয় কাজ। তারা বুঝেছিল, বামপন্থীদের দীর্ঘদিনের সাথিদের মন ফেরানোর চেয়ে নতুন ভোটারদের মন জয়ে বেশি নজর দিলে লাভ বেশি। এই কারণে মোদিকে সামনে রেখে বিজেপি যুবসমাজকে স্বপ্ন দেখাতে শুরু করে। মোদিও বারবার এসেছেন রাজ্যে। এই কৌশলে যে কাজ হয়েছে, ভোটের ফলই তার প্রমাণ।

ত্রিপুরা বিজেপির কাছে ছিল প্রতীকী লড়াই। এত বছরের বাম শাসনকে উৎখাত করতে পারা তাদের কাছে এক বিরাট শ্লাঘা। বামপন্থীদের মোকাবিলা একমাত্র বিজেপিরই কাজ, ত্রিপুরা জয়ের মধ্য দিয়ে এই বার্তা বিজেপি অতঃপর সারা দেশে ছড়িয়ে দিতে পারবে। পশ্চিমবঙ্গে বামপন্থীরা অনেক দিন আগেই অতীত। কেরালায় তাদের পালে বাতাস লাগাবে ত্রিপুরার এই বিস্ময়কর বিজয়।

ত্রিপুরার এই ফল বামপন্থীদের কাছে নিঃসন্দেহে বিরাট ধাক্কা। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মানিক সরকারের উজ্জ্বল ভাবমূর্তি সত্ত্বেও রাজ্যের যুবসমাজের মন ও চাহিদা বুঝতে সিপিএম যে ব্যর্থ, ভোটের ফলেই তা স্পষ্ট। দেশের বামপন্থীদের কাছে অবশ্যই এই ফল মোটেই ভালো বিজ্ঞাপন নয়। ‘চলো পাল্টাই’ স্লোগান ত্রিপুরার রাজনৈতিক ধারাবাহিকতার ঐতিহ্যকে পাল্টে দেওয়ার পাশাপাশি বুঝিয়ে দিল, বামপন্থীদের আত্মসমীক্ষার সময় এসে গেছে।

ত্রিপুরা ও নাগাল্যান্ডে কংগ্রেস যাকে বলে নিশ্চিহ্ন। ত্রিপুরায় গত নির্বাচনে কংগ্রেস ৪৬ শতাংশ ভোট ও ১০টি আসন পেয়েছিল। এবার একটি আসনও তারা পেল না। বামবিরোধী ভোট কেটে বিজেপির যাত্রাভঙ্গও তারা করতে পারল না। নাগাল্যান্ড ও ত্রিপুরায় তারা প্রচার প্রায় করেইনি। কংগ্রেসের নজর ছিল স্রেফ মেঘালয়ে। কিন্তু একক গরিষ্ঠ দল হলেও সেখানে সরকার গড়তে তাদের অন্যদের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। তা নিশ্চিত করতে ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছেন কংগ্রেসের তিন শীর্ষ নেতা আহমেদ প্যাটেল, কমলনাথ ও গুলাম নবী আজাদ। গোয়া ও মণিপুরে একক দল হয়েও সরকার গড়তে কংগ্রেস ব্যর্থ হয়েছিল। সরকার গড়েছিল বিজেপি। সেই সুযোগ বিজেপিকে এবার তারা দিতে চায় না।

১০ বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় রাজ্যে কংগ্রেস ক্ষমতায়। তাদের প্রবল প্রতিপক্ষ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। জাতীয় স্তরে এবং মণিপুরে এই এনপিপি কেন্দ্রে শাসক দল বিজেপির জোটসঙ্গী হলেও এবারের ভোটে মেঘালয়ে তারা আলাদা লড়ার সিদ্ধান্ত নেয়। কংগ্রেস ২১ এবং বিজেপি পেয়েছে ২টি আসন। সেখানে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী। তাঁদের মন জিততে রাজ্যে চলে গেছেন উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির ‘ম্যান ফ্রাইডে’ আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সংসদীয় ভারতের ইতিহাস বারবার দেখিয়েছে, কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকে রাজ্যের স্বতন্ত্র প্রার্থীরা সাধারণত সেই দিকেই ঝোঁকেন। একক গরিষ্ঠ দল হয়েও গোয়া ও মণিপুরের মতো মেঘালয়েও যে কংগ্রেসের কপাল পুড়বে না, উজ্জীবিত বিজেপিকে দেখে তা জোর দিয়ে বলা যায় না।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে এই বছরের শেষে মিজোরামে ভোট। এই রাজ্য এখনো কংগ্রেসের দখলে। মিজোরাম ছাড়া এই মুহূর্তে কংগ্রেসের প্রদীপ জ্বলছে পাঞ্জাব ও কর্ণাটকে। মেঘালয়ে সরকার গড়তে পারলে সংখ্যাটা হবে চার। কর্ণাটকে ভোট এপ্রিল-মে মাসে। ত্রিপুরা জয় অবশ্যই ওই রাজ্যে বিজেপির পালে বাড়তি বাতাস জোগাবে।

আসামে ক্ষমতায় আসার পর উত্তর-পূর্বাঞ্চল এই মুহূর্তে প্রায় বিজেপির কবজায়। মোট আট রাজ্যের মধ্যে সিকিম, মিজোরাম ও মেঘালয় বাদ দিলে পাঁচ রাজ্যে তাদেরই শাসন। মোদির ‘কংগ্রেসমুক্ত ভারত’ গড়ার স্লোগান আজ আক্ষরিক অর্থেই সার্থকতার দোড়গোড়ায় দাঁড়িয়ে।