মোদির প্রতিশ্রুতি সব 'হাওয়াবাজি': সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী। ফাইল ছবি
সোনিয়া গান্ধী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর চূড়ান্ত সমালোচনা করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বললেন, প্রতিশ্রুতি রূপায়ণে নরেন্দ্র মোদি নিদারুণ ব্যর্থ। নির্বাচনী প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, দুঃখের কথা, সেগুলো ‘হাওয়াবাজি’ ছাড়া কিছুই নয়।
আজ সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া এই ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, এই জমানায় ইতিহাস নতুনভাবে লেখার চেষ্টা চলছে। আর, সেই প্রচেষ্টার মূল লক্ষ্য জওহরলাল নেহরু।
মোদি-সরকারের ‘সার্বিক ব্যর্থতার’ খতিয়ান সোনিয়ার ভাষণে বারবার উঠে আসে। অর্থনীতি, সমাজনীতি, বিদেশনীতি সর্বস্তরে তিনি যে ব্যর্থ, তার উল্লেখ করে সোনিয়া বলেন, প্রধানমন্ত্রী নিজের চারদিকে বিভ্রান্তির মায়াজাল সৃষ্টি করেছেন। কী যে তিনি চান, তা তিনি নিজেই বুঝতে পারছেন না।
দেশের অর্থনীতির হাল প্রসঙ্গে কংগ্রেস সভানেত্রী বলেন, নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে চলেছে। অর্থনীতি ক্রমশ নিম্নগামী। বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান বাড়ানোর যে প্রতিশ্রুতি ও ‘মেক ইন ইন্ডিয়া’-র যে স্লোগান মোদি দিয়েছিলেন, সে সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে সোনিয়া বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। পাকিস্তানের সঙ্গে কোন ধরনের নীতি নিয়ে চলা উচিত, এই সরকার সেটাই ঠিক করতে পারছে না। অথচ প্রয়োজন একটা সুসংহত নীতি গ্রহণ করা।

গত সপ্তাহেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) তিন দিনের সম্মেলনে প্রধানমন্ত্রীসহ গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকেই এক ধরনের জবাবদিহি করতে হয়। তার উল্লেখ করে সোনিয়া বলেন, দেশ কীভাবে ও কার তাগিদে চলবে তা এই সম্মেলন থেকেই পরিষ্কার বোঝা গেছে। এই সরকারকে চালাচ্ছে আরএসএস। তারাই এই সরকারের নিয়ন্ত্রক।
চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের গোড়ায় কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হওয়ার কথা। তার আগে এটাই ওয়ার্কিং কমিটির শেষ বৈঠক। ২০১৩ সালে রাহুল গান্ধী দলের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। দলের একাংশ তাঁকে সভাপতি হিসেবে দেখতে চাইলেও এখন এটা পরিষ্কার, সোনিয়াই ফের সভানেত্রী নির্বাচিত হবেন। ওয়ার্কিং কমিটির এক প্রবীণ সদস্যের কথায়, রাহুল সাংগঠনিক কাজেই মনোনিবেশ করেছেন। উপযুক্ত সময়েই তিনি দলের ভার হাতে নেবেন। তত দিন পর্যন্ত সোনিয়া গান্ধীই থাকবেন সভানেত্রী। ১৯৯৮ সাল থেকেই সোনিয়া কংগ্রেসের কান্ডারি।