মোদির প্রথম রাজনৈতিক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক সরকারের প্রথম রাজনৈতিক সংকট হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের চাপে নতিস্বীকারে নারাজ। বিজেপি ও সরকার মনে করছে, অন্য বহু বিতর্কের মতোই এ বিষয়টিও দিন কয়েকের মধ্যেই ধামাচাপা পড়ে যাবে। সরকারি এক সূত্রের মতে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। তখন এ-সংক্রান্ত নতুন কোনো তথ্য উঠে এলে সরকার ভেবে দেখবে। তত দিন পর্যন্ত নরেন্দ্র মোদি অথবা সুষমা স্বরাজ কোনো বিবৃতি দেবেন না, যেহেতু এর মধ্যে আর্থিক কোনো দুর্নীতি নেই।
সরকারি এই মনোভাব সত্ত্বেও বিরোধীরা গতকাল তাদের চাপ আরও বাড়িয়েছে। সুষমার সরকারি বাসভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। যুব কংগ্রেসের হাজার খানেক সমর্থক গতকাল দুপুরে সুষমার বাসভবনের কাছে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার বরণ করেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। অন্য কোনো বিরোধী দল পথে না নামলেও সিপিআই, সিপিএম, জনতা দল (সংযুক্ত), আম আদমি পার্টি (এএপি) সুষমার পদত্যাগ দাবি করে। বিরোধীদের প্রশ্ন, ৭০০ কোটি রুপি তছরুপের অভিযোগে যে ব্যক্তিকে ভারত সরকার হন্যে হয়ে খুঁজছে, তাঁর হয়ে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন অন্য দেশের সরকারকে অনুরোধ করবেন? সেই অনুরোধে কি তবে প্রধানমন্ত্রীরও সম্মতি ছিল?
আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইপিএলের একসময়ের চেয়ারম্যান ললিত মোদি বরখাস্ত হন। তাঁর পাসপোর্টও জব্দ করা হয়। জেরার হাত থেকে বাঁচতে তিনি লন্ডনে থেকে যান। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য পর্তুগাল যেতে ললিত মোদি যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত সাংসদ কিথ ভাজের শরণাপন্ন হন। ভাজ সে জন্য ফোন করেন সুষমাকে। ২৪ ঘণ্টার মধ্যেই ললিত পর্তুগালসহ আরও কয়েকটি দেশে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পেয়ে যান। বিতর্ক এ থেকেই।
যুক্তরাজ্যকে সুষমা যে বার্তা পাঠিয়েছিলেন, তাতে বলা হয়েছিল, মানবিক দিক থেকেই তিনি এ অনুরোধ জানাচ্ছেন। ব্রিটেনের আইন অনুযায়ী তারা এ অনুরোধ বিবেচনা করুক। প্রশ্ন উঠেছে, যাঁকে ভারতের অর্থ মন্ত্রণালয় জেরা করতে চায় এবং প্রত্যাবর্তনের দাবি জানিয়ে রেখেছে, তাঁর জন্য সুষমা কেন অনুরোধ জানাবেন?
এখানেই উঠেছে স্বার্থের প্রশ্ন। সুষমার আইনজীবী স্বামী স্বরাজ কৌশল ২২ বছর ধরে ললিতের আইনি পরামর্শদাতা। সুষমার কন্যা বাঁশরি সাত বছর ধরে ললিতের বিভিন্ন মামলায় আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন। স্বরাজ কৌশলের ছোট ভাইয়ের ছেলেকে সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন ললিত মোদি। স্বরাজ ও মোদি পরিবারের এই ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, তা হলে তো মানবিক কারণে সন্ত্রাসীরাও বিদেশে চলে যাবে!
সুষমা নতুন করে মুখ খোলেননি। গত রোববারই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। দল ও সংঘ পরিবারের সবাই তাঁর পক্ষে দাঁড়িয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও তাঁর পক্ষে দাঁড়িয়েছেন। দল ও সরকারি সূত্র অনুযায়ী, নতুন কোনো বিব্রতকর তথ্য না এলে সরকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেবে না। সংসদের বর্ষাকালীন অধিবেশন জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে। তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার।