মোদির মন্ত্রিসভায় ভাঙন, সরে গেল টিডিপি

বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে ভাঙন শুরু হলো। দক্ষিণী রাজ্য অন্ধ্র প্রদেশে এনডিএর শরিক তেলেগু দেশমের (টিডিপি) দুই সদস্য কেন্দ্রীয় অসামরিক পরিবহনমন্ত্রী অশোক গণপতি রাজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ওয়াই এস চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন।
অন্ধ্র প্রদেশ মন্ত্রিসভায় বিজেপির যে দুই মন্ত্রী ছিলেন, সেই শ্রীনিবাস রাও ও মানিক্য রাওও বৃহস্পতিবার সকালেই পদত্যাগ করেন। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন টিডিপি নেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। কিন্তু তাতে টিডিপির মন গলেনি। রাজ্যের আর্থিক দাবিদাওয়া না মেটানোর অভিযোগেই টিডিপির মন্ত্রিত্বত্যাগের সিদ্ধান্ত। দলের শীর্ষ নেতারা স্পষ্ট জানাচ্ছেন, আগামী দিনে বিজেপির জোটও তাঁরা ছেড়ে দেবেন।
বিজেপির সঙ্গে সম্পর্কহানির এই কথা গত বুধবার গভীর রাতে নিজেই জানিয়ে দেন তেলেগু দেশম নেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি বলেন, তেলেঙ্গানা রাজ্য গঠনের পর কেন্দ্রীয় সরকার অন্ধ্র প্রদেশের জন্য যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছিল, মোদি সরকার তা রক্ষা করেনি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের উত্তর-পূর্বাঞ্চলের জন্য যে মনোভাব দেখিয়েছে, অন্ধ্র প্রদেশের জন্য তা করল না। এই কারণে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
আর্থিক দাবিদাওয়া নিয়ে বিজেপির সঙ্গে টিডিপির চাপান-উতোর চলছে বেশ কিছুদিন ধরেই। টিডিপির দাবি, রাজ্য ভাগের পর তাদের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি রুপি। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ঘাটতির পরিমাণ ৪ হাজার কোটি রুপি। টিডিপির দাবি, রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ আর্থিক সাহায্য করা হোক। কেন্দ্রের বক্তব্য, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মেনে নেওয়ার পর থেকে কোনো রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া যায় না। রাজ্যে পোলাবরম বহুমুখী সেচ প্রকল্পের পুরো খরচ ৩৩ হাজার কোটি রুপি দেওয়ার দাবি জানিয়ে আসছে টিডিপি। কেন্দ্র এই প্রকল্পে এত দিনে দিয়েছে ৫ হাজার কোটি রুপি। বাকিটা পরে দেওয়ার আশ্বাস দেয়। হায়দরাবাদ নতুন রাজ্য তেলেঙ্গানায় পড়ায় অমরাবতীতে নতুন রাজ্য তৈরির জন্য প্রয়োজনীয় আরও ৩৩ হাজার কোটির মধ্যে কেন্দ্র দিয়েছে আড়াই হাজার কোটি রুপি। চার বছর ধরে এই দাবিদাওয়া না মেটায় অবশেষে টিডিপির বিদ্রোহ।
অন্ধ্র প্রদেশ বিধানসভার ভোট ২০১৯ সালে লোকসভার ভোটের সঙ্গেই। টিডিপির বিদ্রোহী হয়ে ওঠার একটা কারণ, রাজ্যে তাদের প্রধান বিরোধী ওয়াইএসআর কংগ্রেসের ক্রমশ বিজেপির দিকে ঝুঁকে পড়া। এই দলটাও টিডিপির মতো অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে। ভোটের আগে তা আদায়ে ব্যর্থ হলে রাজনৈতিকভাবে টিডিপির ক্ষতি। এই অবস্থায় মন্ত্রিত্ব ছেড়ে বিদ্রোহ করে টিডিপি সহানুভূতির রাস্তায় হাঁটা পছন্দ করেছে। বিজেপি জানে, রাজ্যে আরও এক শক্তি তাদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত। এই কারণে টিডিপির দাবি মেটানোর জন্য বাড়তি উদ্যোগ দেখাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী নন। ফলে দুই দলই এগিয়ে চলেছে চূড়ান্ত বিচ্ছেদের দিকে।
কংগ্রেস এই পরিস্থিতিতে টিডিপির পাশে দাঁড়িয়েছে। সংসদে টিডিপির বিক্ষোভের সময় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, রাহুল এ কথাও জানিয়েছেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে অন্ধ্র প্রদেশের বিশেষ মর্যাদার দাবি মেনে নেবে।
বিজেপির বিরুদ্ধে যেসব দল রয়েছে তাদের একজোট করার একটা চেষ্টা কংগ্রেস শুরু করেছে। ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী বিরোধী দলগুলোকে আগামী সপ্তাহে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর চেষ্টা ইউপিএর পরিধি বাড়ানো।
কংগ্রেসের এই উদ্যোগের পাশাপাশি আরও উদ্যোগ রয়েছে। যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন ডিএমকে নেতা স্ট্যালিন, তেলেঙ্গানার টিআরএস নেতা চন্দ্রশেখর রাও, বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়ক ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে। পাশাপাশি মহারাষ্ট্রের এনসিপি নেতা শারদ পাওয়ার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন। রাজ্যে বিজেপিবিরোধী আন্দোলনও তিনি শুরু করে দিয়েছেন। বিরোধীদের এই সক্রিয়তা মোকাবিলায় বিজেপি এখনো সেভাবে সক্রিয় নয়। যদিও তাদের নজরে রয়েছে তামিলনাড়ুর এআইএডিএমকে এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব ছোট ছোট দল।
টিডিপির বিদ্রোহের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হতে চলেছে।