মোদির মাথায় চীন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্ব পেলেও মোদির মাথায় থাকবে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আভাসই দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় চীনের ফেঁপে ওঠা প্রভাব ভারতের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। তাই মোদির আসন্ন বাংলাদেশ সফর এ অঞ্চলে চীনের প্রভাব কমাতে তাঁর তৎপরতারও অংশ।

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন ও পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে রয়টার্স বলছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে মোদির তৎপরতা সত্ত্বেও সামরিক সরঞ্জামের জন্য হয়তো বেইজিংয়ের ওপরই নির্ভরশীল থাকবে ঢাকা।

কয়েক দশক ধরেই চীনের সঙ্গে ভারতের অস্বস্তিকর সম্পর্ক চলছে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের সামরিক সহযোগিতায় ভারত ক্ষুব্ধ।

পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও বাংলাদেশকে বন্দর উন্নয়নে অর্থায়ন করে ভারত মহাসাগরজুড়ে চীন যে কথিত বলয় (স্ট্রিং অব পার্লস) তৈরি করছে, এ নিয়ে ভারত উদ্বিগ্ন।

এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের পার্লামেন্টের অনুমোদন পেয়েছেন মোদি। অথচ অভ্যন্তরীণ রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় দেশটির বিগত সরকারগুলো তা অনুমোদনে ব্যর্থ হয়। পানি বণ্টন চুক্তির ব্যাপারেও আপত্তি না করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করিয়েছেন মোদি।

৬-৭ জুন মোদির বাংলাদেশ সফরের সঙ্গে যুক্ত ভারতের এক কর্মকর্তা বলেন, ‘খোলাখুলিভাবে বললে স্থলসীমান্ত চুক্তির মতো বিতর্কিত কিছু ইস্যু—এগুলোর সুরাহা আমাদের কয়েক বছর আগেই করা উচিত ছিল।’

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশে অভিবাসী যাওয়ার বিষয়টি ভারতে দীর্ঘদিন ধরে একটি স্পর্শকাতর ইস্যু। মোদির হিন্দু জাতীয়তাবাদী দল নির্বাচনী প্রচারাভিযানে এটিকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় আসার পর এ ব্যাপারে মোদি চুপ। এখন তাঁর চিন্তায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে ভারতের কৌশলগত লক্ষ্য অর্জনের বিষয়টি।

নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চীন বিশেষজ্ঞ শ্রীকান্ত কোনডাপাল্লি বলেন, ‘দক্ষিণ এশিয়া কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে চীন। এটা ভারতের জন্য একটা উদ্বেগ।’

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রসঙ্গ তুলে শ্রীকান্ত কোনডাপাল্লি বলেন, ভারতের কাছাকাছি সংখ্যকবার পিএলএ সদস্যরা বাংলাদেশ সফর করেন। প্রতিবেশীসুলভ সৌহার্দ্যের মাধ্যমে তা মোকাবিলার চেষ্টা করছেন মোদি।

এক বছর আগে ক্ষমতায় আসার পর পাকিস্তান ছাড়া ভারতের সব প্রতিবেশীর কাছে পৌঁছাতে পেরেছেন মোদি।

বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তা ও ভারত বিশেষজ্ঞের ভাষ্য, চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বাড়তে থাকার বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ সম্ভবত আমলে নিচ্ছে না ঢাকা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপি আরআই) তথ্যমতে, ২০০৯-১৩ সাল পর্যন্ত বাংলাদেশের কেনা অস্ত্রের ৮২ শতাংশের উৎস চীন। এর মধ্য দিয়ে বিশ্বে চীনা অস্ত্রের শীর্ষস্থানীয় তিনটি ক্রেতার মধ্যে ঢুকে পড়েছে ঢাকা।

বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা শাহেদুল আনাম খানের ভাষ্য, ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের সময় বাংলাদেশের বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ হয়ে ওঠে চীন।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সামরিক পরিকল্পনাবিদদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—চীন বাংলাদেশকে তাদের যুদ্ধজাহাজ ও সাবমেরিন রাখার একটি আদর্শ জায়গা মনে করে থাকতে পারে।

বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান।

ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক হাইকমিশনার রয়টার্সকে বলেছেন, ‘উদ্বেগটা বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে নয়, উদ্বেগটা পাশের দেশে চীনের প্রভাব নিয়ে।’