মোদির সভা বাতিল করা ম্যাজিস্ট্রেট এখনো বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাঞ্জল যাদব
প্রাঞ্জল যাদব

ভারতের উত্তর প্রদেশের বারানসী সংসদীয় আসনটির সাংসদ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বছর আগে নির্বাচনী প্রচারের সময় এই বারানসীর জেলা ম্যাজিস্ট্রেট প্রাঞ্জল যাদব মোদির একটি সমাবেশ বন্ধ করে দেন। এক বছর পর প্রধানমন্ত্রীর আসনটিতে ইতিবাচক অনেক পরিবর্তন ঘটেছে। তবে প্রাঞ্জল যাদব তাঁর স্বপদে বহাল আছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্বাভাবিক কর্মসম্পর্কের ক্ষেত্রেও দৃশ্যত ওই ঘটনার কোনো প্রভাব পড়েনি। খবর এনডিটিভির।
নির্বাচনী প্রচারণার সময় মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বারানসীর কেন্দ্রস্থলে একটি সমাবেশ ডাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তা বন্ধ করে দেন ম্যাজিস্ট্রেট যাদব। ওই ঘটনায় বিজেপি তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়। জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিক্ষোভও হয়। যাদব তাঁদের প্রার্থীর বিরুদ্ধে অন্যায্য আচরণ করেছেন এমন অভিযোগ এনে বিজেপি তাঁর পদত্যাগ দাবি করে।
এক বছর আগের সেই ঘটনা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কি—এমন প্রশ্নের জবাবে যাদবের বক্তব্য: ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যতবার সাক্ষাৎ হয়েছে কোনোবারই ওই প্রসঙ্গ একটিবারের জন্যও আসেনি।’
বারানসীর সাংসদ হিসেবে সরকারি বরাদ্দ মোদি কেমন করে তাঁর এলাকায় ভাগ করে দিয়েছেন সে চিত্র তুলে ধরেন যাদব। তিনি বলেন, ‘বারানসীতে রাজ্য বিধানসভার পাঁচটি আসন আছে। মোদি সমানভাবে পাঁচটি আসনে অর্থ ভাগ করে দিয়েছেন। হস্তচালিত নলকূপ, রাস্তাঘাট নির্মাণ এবং সৌরবিদ্যুতের জন্য এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।’
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর যাদব এ পর্যন্ত তিনবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে মোদি অনেকবারই তাঁকে বারানসীর রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে কথা বলেছেন।
যাদব বলেন, ‘বারানসীতে প্রধানমন্ত্রীর একটি অফিস আছে যেটি এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে।’