
হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের চেয়ারম্যান জন পোডেস্টার সম্প্রতি যেসব ই-মেইল উইকিলিকস ফাঁস করেছে, তা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিলিকন ভ্যালি সফর সফল করার জন্য ওবামা সরকারের পরিকল্পনার চিত্র পাওয়া গেছে। ২০১৫ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিশিল্পের মূল কেন্দ্রে ওই সফর করেন মোদি।
মোদির সফরের দেড় মাসেরও বেশি সময় আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল জন পোডেস্টাকে একটি ই-মেইল করেন। পোডেস্টা ইতিমধ্যেই হিলারির প্রচারণাকাজে যোগ দিয়েছিলেন। বিসওয়াল মোদির সফরকে সফল করার জন্য তাঁর পরামর্শ ও সহায়তা চান। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মোদির সঙ্গে স্ট্যানফোর্ডে পরিবেশের অনুকূল জ্বালানি নিয়ে একটি যৌথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন কি না, তা-ও খতিয়ে দেখতে বলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
জন পোডেস্টাকে ২০১৫ সালের ১২ আগস্ট এক ই-মেইলে নিশা বিসওয়াল বলেন, সিলিকন ভ্যালি সফরে দুটো বিষয়ের ওপর নজর দেওয়ার ব্যাপারে ভারতীয় সরকারের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। প্রথমটি হচ্ছে ডিজিটাল অর্থনীতি। এ ক্ষেত্রে মূল নজর থাকবে গুগল কার্যালয়ে সফর এবং প্রতিষ্ঠানটির ভারতে বিশাল বিনিয়োগের ব্যাপারে কিছু ঘোষণা। দ্বিতীয় মনোযোগের ক্ষেত্রটি হচ্ছে পরিবেশের অনুকূল জ্বালানি। এর আওতায় ভারতীয় কর্তৃপক্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলা দপ্তরে সফরের ব্যাপারে আগ্রহী। তাদের প্রত্যাশা, টেসলার সঙ্গে ভারতের সঙ্গে কোনো রকম সহযোগিতা বা যৌথ উদ্যোগের কথা ঘোষণা করা। এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে সৌরশক্তির জন্য টেসলার ব্যাটারি প্রযুক্তি।
নিশা দেশাই বিসওয়াল চিঠিতে লেখেন, পররাষ্ট্র দপ্তর ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার আগে তিনি জানতে চান, এ ব্যাপারে কীভাবে এগোনো যায়, তা নিয়ে পোডেস্টার কোনো ভাবনা আছে কি না। তিনি বলেন, ভারতীয় পক্ষ চায় নরেন্দ্র মোদির সঙ্গে কেবিনেট মর্যাদার কোনো মার্কিন কর্মকর্তা এ বিষয়ে যুক্ত হোন।
বিসওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জ্বালানিমন্ত্রী আর্নেস্ট মোনিজ ক্যালিফোর্নিয়ায় যেতে পারেন কি না, সেটা দেখা হবে। তবে চীনা প্রেসিডেন্টের সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের জন্য তা দুরূহ ব্যাপার হবে। পোডেস্টা কি কোনো বিকল্প বুদ্ধি বাতলাতে পারেন, জানতে চান মন্ত্রী।