মোদির স্যুটের দাম এক কোটি ৪৮ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পোশাক নিলামে বিক্রি হচ্ছে। ছবি: রয়টার্স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পোশাক নিলামে বিক্রি হচ্ছে। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্যুটটির নিলামের শেষ দিন আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার নিলামের দ্বিতীয় দিনে এর দাম ওঠে এক কোটি ৪৮ লাখ রুপি। নিলাম চলছে গুজরাটের সুরাট শহরে। আজ সন্ধ্যা পর্যন্ত চলবে এই নিলাম।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গত ২৫ জানুয়ারি ভারত সফরের সময় মোদি ১০ লাখ রুপির এই দামি স্যুটটি পরেছিলেন। এটি পরে তিনি দিল্লির হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। স্যুটটিতে সোনালি হরফে লেখা ছিল নরেন্দ্র দামোদার দাস মোদি।
মোদি এই স্যুটটি পরার পর দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। এবার সেই দামি স্যুটটি নিলামে উঠলে বুধবার প্রথম দিনে এর দাম ওঠে এক কোটি ২১ লাখ রুপি। শুধু এই স্যুটটিই নয়, এই নিলামে আরও উঠেছে প্রধানমন্ত্রীর উপঢৌকন হিসেবে বিভিন্ন সময়ে পাওয়া আরও ৪৫৫টি উপহারসামগ্রী।
নিলামে পাওয়া অর্থ গঙ্গা শোধনে ব্যবহার করা হবে বলে জানা গেছে। গতকাল এই স্যুটের দাম এক কোটি ৪৮ লাখ রুপি হাঁকেন সুরাটের হীরা ব্যবসায়ী মুকেশ প্যাটেল। এর আগে এই স্যুটের দাম এক কোটি ৪১ লাখ রুপি হাঁকেন ভাবনগরের জাহাজের ব্যবসায়ী কমলকান্ত শর্মা।
জানা গেছে, এই স্যুটটি কেনার জন্য এবার গুজরাটের হীরার ব্যবসায়ী আর বস্ত্র ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ নিলামেও এই দুই সংগঠনের মধ্যে প্রতিযোগিতা চলবে। লড়াইটা জোরাল হবে বলে মনে করছেন গুজরাটের মানুষ। হীরার ও বস্ত্রের ব্যবসায়ীরা উভয় সংগঠনই চাইছে এই স্যুটটি নিলামে তাদের জিম্মায় নিতে।