মোদির 'জনতা কারফিউ' মানবে না পার্ক সার্কাস আন্দোলনকারীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘জনতা কারফিউ’ মেনে নেয়নি কলকাতার পার্ক সার্কাস ও দিল্লির শাহিনবাগের সিএএ-এনআরসি-বিরোধী আন্দোলনকারীরা। ‘জনতা কারফিউ’কে কটাক্ষ করে তৃণমূল নেতা ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘ঘণ্টা বাজিয়ে করোনা তাড়ানো যায় না।
আন্দোলনকারীরা গতকাল বৃহস্পতিবারই ঘোষণা দিয়েছেন, এই জনতা কারফিউর মাধ্যমে পার্ক সার্কাস ও শাহিনবাগের আন্দোলন বন্ধ করা যাবে না। তাঁদের আন্দোলন যথারীতি চলবে। আন্দোলন থেকে ঘরে ফেরার প্রশ্নই আসে না।
ভারতে এই ভাইরাসে ভারতে চার প্রবীণের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭৩ জন। বিশেষজ্ঞরা আগাম সতর্কবার্তা দিয়েছেন, ভারতে করোনা মহামারির রূপ নিতে পারে। তাই ভারত সরকার করোনা প্রতিরোধে সার্বিক ব্যবস্থা নিয়েছে।
গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেন। করোনার প্রসঙ্গ তুলে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর দরকার নেই বলেছেন। বলেছেন, ভিড় এড়িয়ে চলতে। ৬০ বছরের ঊর্ধ্বের বয়স্ক নাগরিকদের আগামী কয়েক সপ্তাহ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে চলতেও বলেছেন।
এই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী মোদি আগামী ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছেন। বলেছেন, ‘আমি প্রত্যেক দেশবাসীর কাছে একটি বিষয়ে সমর্থন চাইছি, তা হলো জনতা কারফিউ। যা হলো জনতার জন্য, জনতার দ্বারা, নিজেদের ওপর কার্যকর করা। দেশবাসীকে আবেদন জানাচ্ছি, এই জনতা কারফিউ পালনের জন্য।’
একই সঙ্গে মোদি বলেন, ‘দেশের জরুরি পরিষেবার জন্য যাঁরা যুক্ত, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেদিন বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য বাড়ির দরজায় দাঁড়িয়ে হাততালি দিয়ে, ঘণ্টা-কাঁসর-থালা বাজিয়ে তাঁদের অভিনন্দন জানান সবাই।’
প্রধানমন্ত্রীর এই ঘোষণা মেনে নেয়নি কলকাতার পার্ক সার্কাস ও দিল্লির শাহিনবাগের সিএএ-এনআরসি-বিরোধী আন্দোলনকারীদের অনেকে। তবে কেউ কেউ প্রধানমন্ত্রীর ডাকে প্রতীকী সাড়া দেওয়ার কথা ভাবছেন। অবস্থান স্থানে আন্দোলনকারীদের সংখ্যা কমানোর কথা ভাবছেন তাঁরা। তাঁদের মতে, পার্ক সার্কাস ও শাহিনবাগে আন্দোলন একেবারে বন্ধ করা হবে না। তাঁদের কথা, সরকার বাতিল করুক সিএএ ও এনআরসি। তবেই উঠে যাবে আন্দোলন।
পার্ক সার্কাস আন্দোলনের প্রধান নেতা আসমত জামিল গতকাল কলকাতার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শাহিনবাগে কী হবে জানি না। তবে পার্ক সার্কাসে আন্দোলন চলবে। যত দিন না সিএএ ও এনআরসি বাতিল হচ্ছে, তত দিন পার্ক সার্কাস আন্দোলন চলবে।’
আসমত জামিল আরও বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী শুধু এই কথা বলুক, কালো আইন দেশে কার্যকর করা হবে না। তাহলেই আমরা সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে যাব। রোববার যোগ দেব জনতা কারফিউতে।’
পার্ক সার্কাসের অন্য নেতারা বলেছেন, দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীরা আন্দোলন নিয়ে এখনো অটল রয়েছেন। তাঁরাও এই আন্দোলন চালিয়ে যাবেন।
‘জনতা কারফিউ’কে কটাক্ষ করে তৃণমূলের নেতা ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘একটা ঘণ্টা বাজিয়ে করোনা তাড়ানো যায় না। আরএএসের কথা বললেন তিনি (মোদি)। ঘণ্টা বাজানোর কথা বলে হিন্দুত্ববাদের প্রচার করলেন। নবরাত্রির কথা বললেন। অথচ ঈদের কথা বললেন না। আমি হতাশ।’
জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘এই মমতাই তো সিএএ-বিরোধী আন্দোলনে ঘণ্টি বাজিয়ে ক্যা ক্যা করেছিলেন।’