মোদির স্যুটের পাল্টা রাহুলের জ্যাকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘালয়ে মিউজিক কনসার্টে রাহুল
মেঘালয়ে মিউজিক কনসার্টে রাহুল

• মেঘালয়ে নির্বাচনী প্রচারণায় কংগ্রেস সভাপতি। 
• রাহুল গান্ধীর জ্যাকেটের দাম নিয়ে বিজেপির প্রশ্ন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্যুটের দাম নিয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। গতকাল বুধবার নির্বাচনী প্রচারে মেঘালয়ে আসেন কংগ্রেস সভাপতি।

তাঁর জ্যাকেটের দাম কত? ৭০০ টাকা, নাকি ৭০ হাজার রুপি? মেঘালয়ে রাহুল গান্ধীর প্রচারণার শুরুতেই জ্যাকেটের দাম নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক উসকে দেয় বিজেপি। কংগ্রেস শাসিত রাজ্যটিতে এখন রাজনৈতিক বিতর্কের বদলে চর্চা চলছে রাহুলের জ্যাকেট নিয়ে।

গতকাল প্রথম দফার নির্বাচনী প্রচারে আসেন রাহুল। শিলং থেকে সড়কপথে ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জয়ন্তীয়া জেলার জোয়াইতে তিনি সভাও করেন। 
মেঘালয়ে এসেই রাহুল গান্ধী সরব হন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, পয়সার বিনিময়ে গির্জাগুলো নিজেদের পালে আনার চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, ‘বিজেপির হাতে প্রচুর টাকা। তারা এখন গির্জাকে পর্যন্ত টাকার লোভ দেখাচ্ছে। এটা ভীষণ অন্যায় শুধু নয়, পাপেরও। গির্জা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করা ঠিক নয়।’

গত ৭ জানুয়ারি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জে অ্যালফন্স মেঘালয়ের আঞ্চলিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ৭০ কোটি রুপি দিয়ে আধ্যাত্মিক পর্যটন বিকাশের কথা বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই এমন অভিযোগ তুলল কংগ্রেস। এর আগে রাজ্যটিতে গো-রক্ষা আন্দোলনও বিরূপ প্রতিক্রিয়া ফেলে।

কংগ্রেস শাসিত মেঘালয়ে রাহুল গান্ধী এবার তাঁর সফর একটু অন্যভাবে শুরু করেন। শুরুতেই ছিল মিউজিক কনসার্টের উদ্বোধন। যুব সম্প্রদায়কে কাছে টানতে জীবনযাত্রায় শান্তিবিষয়ক কনসার্টে অংশ নেন রাহুল। সেখানে তিনি যুব সম্প্রদায়কে নিজেদের ঐতিহ্যের প্রতি আস্থাশীল হতে বলে কাছে টেনে নেন। জোয়াইতেও রাহুলের গলায় ছিল নারীদের অধিকারের প্রতি বিশেষ মর্যাদা। ফলে প্রথম দিনেই মেঘালয়ের মানুষের মন জয় করে নেন তিনি।

রাহুল বলেন, ‘আমার দাদি ইন্দিরা গান্ধী বা বাবা রাজীব গান্ধী সব সময়েই উত্তর–পূর্ব ভারতের মানুষদের ভালোবাসা পেয়ে এসেছেন। আমাকেও আপনারা বঞ্চিত করবেন না, এই বিশ্বাস আমার আছে।’ রাহুলের এ কথাতেও করতালিতে মুখর করে তোলে জনতা।

কংগ্রেস শিবিরে রাহুলের সফরে উৎফুল্ল হতেই বিজেপিও পাল্টা প্রচারে নামে। রাহুলের জ্যাকেটের দাম নিয়ে প্রশ্ন তোলে। এক টুইটে বিজেপির অভিযোগ, ভারতীয় টাকায় ৭০ হাজার রুপি দামের জ্যাকেট পরে রাহুল গান্ধী মেঘালয় সফর করছেন।

অবশ্য পাল্টা জবাবে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বলেছেন, মাত্র ৭০০ রুপিতে তিনি এমন জ্যাকেট কিনতে পারেন।