ময়নাতদন্তের সময় জেগে উঠল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই শুরু হবে ময়নাতদন্ত। লাশকাটার লোক তাঁর সরঞ্জাম নিয়ে তৈরি। এমন সময় জেগে উঠল লাশ। এ ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে। সম্প্রতি বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একটি বাসস্টপে অচেতন পড়ে ছিলেন প্রকাশ। সেখান থেকে কেউ তাঁকে হাসপাতালে নিয়ে এলে জ্যেষ্ঠ এক চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অথচ নিয়ম অনুযায়ী কোনো রোগীকে মৃত ঘোষণা করার পর অন্তত দুই ঘণ্টা ওয়ার্ডে রাখতে হয়—পাছে চিকিৎসক কোনো ভুল করে থাকেন।

গত সোমবার হাসপাতালের ডিন সুলেমান মার্চেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ওই ব্যক্তির নাম প্রকাশ। তিনি মদ্যপ ছিলেন। তিনি ‘নিজের কাছেই ছিলেন অবহেলিত’। তাঁর মুখে ও কানে পোকা কিলবিল করছিল। এসব পোকা মানুষের টিস্যু খেয়ে ফেলে। সাধারণত লাশের শরীরে এমন পোকার জন্ম হয়।

ডিন মার্চেন্ট বলেন, প্রকাশ অবশ্যই ছয়-সাত দিন ধরে পড়ে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাঁর নাড়ির স্পন্দন, শ্বাসক্রিয়া ও হৃৎস্পন্দন পরীক্ষা করেন। প্রকাশকে মৃত ভেবে তাৎক্ষণিকভাবে মর্গে পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে প্রকাশ নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। সেখানে তাঁর কানের সংক্রমণ ও পুষ্টিহীনতার চিকিৎসা চলছে।