যন্ত্রণার বিয়েটাই বদলে দিল সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমানিশার জীবন পেছনে ফেলে সামনে এগিয়ে চলেছেন উমা প্রেমান।
অমানিশার জীবন পেছনে ফেলে সামনে এগিয়ে চলেছেন উমা প্রেমান।

বিয়ে মানেই হইহুল্লোড়। সানাইয়ের সুর। মহাধুমধাম। এর সঙ্গে আশ মিটিয়ে একপেট ভূরিভোজ তো আছেই। তবে কারও কারও বেলায় উল্টোটিও ঘটে, যা উমা প্রেমানের বেলায় ঘটেছে। আনন্দ-হইহুল্লোড় তো দূরের কথা, রাজ্যের বিরক্তি, হতাশা আর চাপের মুখে বিয়ে হয়েছে তাঁর।

যে বিয়ে অন্য আর দশজনকে নতুন জীবন দান করে, ভবিষ্যৎ জীবনকে করে গতিময়, আনে অচেনা মধুর ছন্দ, সেই বিয়েই উমার জীবনে এনেছে দুর্বিষহ যন্ত্রণা। মুখ বুজে চাপা কান্না। মৃত্যু ঘটিয়েছে তাঁর সব চাওয়া-পাওয়ার। সুখের বদলে একগাদা দুঃখ-বেদনা এসে হাজির তাঁর প্রাণবন্ত জীবনে।

কিন্তু উমার এই ‘ঝঞ্ঝাটে বিয়েটাই’ বদলে দিয়েছে তাঁর ভবিষ্যৎ জীবন। বদলে দিয়েছে তাঁর ভবিষ্যৎ গতিপথ। শুধু তিনি একা নন, আরও হাজারো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে তাঁর দুঃখগাথা বিয়েটা।

জীবনের এই কঠিন পরিস্থিতিই শাণিত করেছে উমাকে। উদ্বুদ্ধ করেছে সুবিধাবঞ্চিত ভারতীয়দের জন্য কিছু একটা করার। তাঁর কল্যাণেই শিক্ষা–দীক্ষায় পিছিয়ে থাকা বড় একটা জনগোষ্ঠী এখন চিকিৎসাসেবার আস্বাদন পাচ্ছে। ফিরে পাচ্ছে নতুন জীবন।

ভারতের তামিলনাড়ু রাজ্যের ব্যস্ততম শহর কোয়িমবাতারে জন্ম ও বেড়ে ওঠা উমার। শৈশব পেরিয়ে কৈশোর। কৈশোরের দুরন্তপনা পেরিয়ে যৌবনে পদার্পণ। মনের কোণে স্বপ্নের আঁকিবুঁকি, অন্য আর দশজন নারীর মতো তাঁরও ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে। বাজবে সানাই। ফুলে ফুলে সাজবে গোটা বাড়ি। স্বজনে স্বজনে হবে খুনসুটি। পার্টি দেবেন সমুদ্রতীরে। কিন্তু বাস্তবে তাঁর এই ছোট ছোট স্বপ্ন কখনোই পূরণ হয়নি।

আজ থেকে ৩০ বছর আগে ফেব্রুয়ারি মাসের এক ধূসর সকালের কথা আজও ভোলেননি উমা। তখন তাঁর বয়স মাত্র ১৯। তাঁর মা একরকম ধরেবেঁধেই মেয়েকে তুলে দিলেন প্রেমান থাইকদের হাতে। প্রেমানের বয়স তখন ২৬ বছর। দুজনের আগে কখনোই দেখা-সাক্ষাৎ হয়নি। বিয়ে নিয়ে কেউ কোনো কথাও বলেননি। তবু বউ সাজতে হলো। প্রেমানের হাতে তুলে দিয়ে উমাকে বলা হলো, ‘আজ থেকে প্রেমানই তোমার স্বামী’। অথচ স্বামী নামক ‘পদার্থটা’ গ্রহণে যে সামান্য উৎসবের প্রয়োজন ছিল, সেটুকু পর্যন্ত করা হয়নি। কোনো গান বাজেনি। এমনকি বাস্তব দুনিয়ার রীতি মেনে বিয়েটা পর্যন্ত হয়নি।

উমা বলছিলেন, ‘আমার মা আমাকে ধরে এনে বলল, আজ থেকে আমি প্রেমানের সম্পত্তি। আর প্রেমানও বলল, আমি তার স্ত্রী, কিন্তু তার সম্পদে আমার কোনো অধিকার নেই।’

তথাকথিত বিয়ের পর উমাকে বাড়িতে নিয়ে গেলেন প্রেমান। কিন্তু ‘বিয়ে’র রাতেই স্ত্রীকে একা রেখে বাড়ির বাইরে চলে গেলেন প্রেমান। উমার এখনো মনে আছে, সেই রাতে তিনি একটুও ঘুমাতে পারেননি। পরদিন সকাল ছয়টায় বাড়িতে ফেরেন প্রেমান। এসেই স্ত্রীকে নিয়ে পানশালায় চলে যান। সেখানে কয়েক ঘণ্টাব্যাপী মদ পান করেন প্রেমান। নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না নতুন ‘জীবনসঙ্গীর’। অসহায় মনে শুধুই ভাবছিলেন, ‘কী এক অদ্ভুত সিদ্ধান্তে জীবনটাই গেল শেষ হয়ে।’

প্রেমানই নিজ থেকে জানালেন, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। কিন্তু দ্রুতই উমা আবিষ্কার করলেন, প্রেমানের আসলে এটি চতুর্থ বিয়ে। তিনি আরও আবিষ্কার করলেন, প্রেমানের গুরুতর ক্ষয়রোগ আছে। এ কারণেই তাঁকে বিয়ে। তাঁর প্রধান দায়িত্বই হচ্ছে, অসুস্থ প্রেমানকে দেখাশোনা করা।

শৈশবে বাবার মতোই চিকিৎসক হতে চাইতেন উমা। তাঁর বাবা টি কে বালাকৃষ্ণ চাচার খামারে যোগদানের আগে এক বছরের মতো মেডিসিনের ওপর পড়াশোনা করেছেন। তাতেই অবশ্য চিকিৎসার প্রাথমিক পাঠ রপ্ত হয়ে যায় তাঁর। আহত ব্যক্তির জখমস্থান ব্যান্ডেজ ও ড্রেসিং করা, জ্বর হলে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার কাজটা ভালোই আয়ত্ত করেছিলেন। এটা করে মাঝেমধ্যে কিছুটা পকেট ভারীও হতো। এটা দেখে বাবার কাজে হাত লাগাত ছোট্ট উমাও।
খাবারদাবারে বেশ আগ্রহ ছিল ছোট্ট উমার। এ কারণে রোগী দেখতে বাবার সঙ্গে উমাও চলে যেত। কিন্তু বাবার কাজটা মোটেও সহজ ছিল না। একদিনের অভিজ্ঞতা এখনো ভোলেননি উমা। এক ব্যক্তির শরীরে পচন ধরেছিল। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। অসহনীয়। সেই অবস্থাতেই রোগীর শুশ্রূষা করেন তাঁর বাবা। বাগানের কাজে ব্যবহৃত দস্তানা পরে ক্ষতস্থান পরিষ্কার করেন তিনি। বাবার মানবসেবার এই ঘটনা আজও জ্বলজ্বল করে মেয়ের মনে।

তবে উমার মা তাঁর স্বামীর মানবসেবার এই কাজ মোটেও মেনে নিতে পারেননি। তাঁর কাছে এটা অন্যের পেছনে সময় অপচয় ছাড়া কিছুই নয়। আসলে উমার মা ছিলেন তাঁর বাবার বিপরীত চরিত্রের।

উমার বয়স যখন মাত্র আট বছর, তখন তাঁর জীবনে প্রথম অন্ধকার নেমে আসে। একদিন উমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে আতশবাজি কিনে আনতে বলল তাঁর মা। সেদিন ছিল দীপাবলি। কিন্তু বাড়িতে ফিরে আসামাত্র তাঁর সেই উৎসব মুহূর্তে উধাও। উমার মা বাড়ি ছেড়ে চলে গেছেন। মেয়ে জানতে পারলেন, অন্য এক পুরুষের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক ছিল। তিনি তাঁর হাত ধরেই ঘর ছেড়ে পালালেন।

আকস্মিক এ ঘটনায় মুহূর্তের মধ্যে উমার জীবনটাও গেল বদলে। তাঁর ছোট্ট কাঁধেই পড়ল বড় ভার। মাত্র আট বছরেই তিন বছরের ছোট্ট ভাইয়ের দায়িত্ব নিতে হলো। রান্নার মতো কঠিন কাজেও হাত পড়ল। প্রতিবেশীদের কাছ থেকে দ্রুতই রান্নার প্রাথমিক পাঠ শিখে নিলেন উমা। জীবনের সঙ্গে দিনের সূচিও বদল এল তাঁর। ভোর পাঁচটায় ঘুম থেকে জেগে রান্নাঘরে ছুট। সকালের নাশতা, দুপুরের খাবার—সকাল নয়টার মধ্যে সব সেরে স্কুলে চলে যেত সে। সন্ধ্যায় বাড়িতে ফিরে ভাইয়ের যত্ন, আবার রাতের রান্না। এভাবেই চলছিল দিনগুলো।

বেশ কয়েক বছর পর কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বাড়ি থেকে ৮৭ মাইল দূরে গুরুভাইয়ুরে একটি বিখ্যাত মন্দিরে যান উমা। বয়স তখন ১৭ বছর। সেখানেই এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। ওই ব্যক্তিই জানালেন, তাঁর (উমা) মতোই অবিকল দেখতে এক নারীকে দেখেছেন তিনি। সব শুনে উমা ওই ব্যক্তিকে তাঁর ঠিকানা দিলেন। কয়েক দিন পর ঠিকই বাড়িতে একটি চিঠি এল। চিঠিটা ছিল তাঁর মায়েরই। উমা দ্রুতই গুরুভাইয়ুরে ছুটে গেলেন। দেখা পেলেন মায়ের। কিন্তু মাকে ফিরে পাওয়ার আনন্দটা দীর্ঘায়িত হলো না। খুব দ্রুতই জানতে পারলেন, মা তাঁর ভালো নেই। তাঁর দ্বিতীয় স্বামী অনেক টাকা ঋণ করেছেন। ঋণগ্রস্ত হওয়ার পর স্ত্রীকে ছেড়ে চলে গেছেন তিনি। এখন পাওনাদাররা তাঁর মাকেই ধরছেন। কিন্তু তিনি ঋণ পরিশোধ করতে পারছেন না। পাওনাদাররাও প্রতিদিন বাড়িতে আসতেন। টাকার জন্য হয়রানি করতেন। বিষয়টা ছিল খুবই পীড়াদায়ক।

কঠিন এই পরিস্থিতিতে উমার মা একটা সমাধান খুঁজে পেলেন। তা আর কিছুই নয়, প্রেমানের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া। প্রেমান ছিলেন আর্থিকভাবে সচ্ছল। মেয়েকে তার হাতে তুলে দিতে পারলে ঋণের দায় থেকে মিলবে মুক্তি। যেমন চিন্তা, তেমন কাজ। অনিচ্ছা সত্ত্বেও মায়ের কষ্ট আর পীড়াপীড়ির কাছে হার মানতে হলো উমাকে। ভাগ্যকে মেনে নিয়ে সম্মতি দিলেন বিয়েতে।

এবার উমার দুর্বিষহ জীবনের দ্বিতীয় অধ্যায়ের হলো শুরু। প্রেনাম প্রতিদিন কাজে যাওয়ার সময় উমাকে ঘরের মধ্যে আটকে রেখে যেতেন। বাইরে যাওয়া ছিল একদম নিষেধ। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারতেন না। এভাবে ঘরের মধ্যে ছয় মাস কেটে যায়। উমা বলছিলেন, ‘আমি দেয়ালের সঙ্গে কথা বলতে শুরু করে দিই। হারিয়ে ফেলি আমার আস্থা, আত্মসম্মানবোধ।’

এভাবে কয়েক বছর কাটানোর পর প্রেমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসার জন্য তাঁরা বেশির ভাগ সময় হাসপাতালেই কাটাতে শুরু করলেন। বিয়ের সাত বছর পর ১৯৯৭ সালে মারা যান প্রেমান। এই মৃত্যুতে একটি জীবনের অবসান ঘটলেও যেন নতুন জীবন ফিরে পেলেন উমা। দীর্ঘ যন্ত্রণার পর এই প্রথম স্বাধীনতার স্বাদ পেলেন তিনি। উমারই ভাষায়, ‘সে (প্রেমান) মরে যাক, সেটা আমি চাইনি। আমার তরফে কিছু করারও ছিল না। কিন্তু তার মৃত্যুর পর আমি যেন দ্বিতীয় জীবনই ফিরে পেলাম।’

প্রেমানের চিকিৎসা নিয়ে কয়েক বছর ছোটাছুটির মধ্যে একটা বিষয় নজরে আসে উমার। তা হলো দরিদ্র মানুষের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া। আর এটা যে কেবল আর্থিক অসংগতির কারণে তা নয়, সঠিক তথ্যপ্রাপ্তির অভাবেও হয়ে থাকে। তাঁরা জানেন না কোথায় গেলে মিলবে কোন চিকিৎসা।

উমা এই সুযোগটাই লুফে নিলেন। তিনি পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে এলেন। অসহায় রোগীদের ফরম পূরণ এবং তাঁদের উপযুক্ত চিকিৎসকের কাছে পাঠানোর কাজ শুরু করলেন। কোনো কোনো ক্ষেত্রে শুধু রোগীদের সমস্যার কথা শুনেও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন।

ত্রিবন্দরামের যে হাসপাতালে প্রেমান শেষ ছয় মাস চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতালে একটি বুথ ছিল। তারাই উমার ফোন নম্বর সেবাপ্রত্যাশী লোকজনকে দিল। এরপর রোগীরাই তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করলেন। খুব অল্প সময়ের ব্যবধানেই তাঁর পরামর্শ চেয়ে শত শত মানুষের ফোন আসতে শুরু করল। এভাবেই গড়ে উঠল তাঁর হাতে গড়া ‘শান্তি মেডিকেল ইনফরমেশন সেন্টার’। তবে উমা এই সেন্টারের সাহায্যে কাউকে চিকিৎসা দেন না, সঠিক চিকিৎসা পেতে লোকজনকে সহায়তা করেন। এ জন্য তাঁকেও নানাবিধ জ্ঞান অর্জন করতে হয়। তখনো ভারতে ইন্টারনেট সেবা ততটা প্রসার পায়নি। তাই উমাকে সারা দেশ ঘুরে চিকিৎসাসংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করতে হয়েছে। কোথায় গেলে বিনা মূল্যে চিকিৎসা মিলবে, কোথায় গেলে ছাড় পাওয়া যাবে—এ রকম যাবতীয় তথ্য সংগ্রহ করলেন তিনি।

তথ্য সংগ্রহের পাশাপাশি রোগীদের পক্ষ থেকেও উমাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। শুরুর দিকে তাঁর এই পদক্ষেপে অনেকে আস্থাও আনতে পারেননি। তা ছাড়া অন্য প্রদেশগুলোয় ভাষাসংক্রান্ত জটিলতাও মোকাবিলা করতে হয়েছে তাঁকে। কারণ, উমা শুধু তামিল ভাষাই জানতেন।

গত দশকে শান্তি মেডিকেল ইনফরমেশন সেন্টারের অগ্রাধিকার ছিল কিডনি রোগীদের নিয়ে কাজ করা। ভারতে পর্যাপ্ত ডায়ালাইসিস সেন্টার নেই। তা ছাড়া কিডনি দান করার হারও খুব বেশি নয়। উমা এই পরিস্থিতিটাই বদলে দিতে চেয়েছেন। তিনি সর্বত্র ডায়ালাইসিস সেন্টার খোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কেরালার ত্রিশুর দিয়ে যাত্রা শুরু। বর্তমানে ভারতজুড়ে প্রতিষ্ঠানটির ২০টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অনেক ধনী লোকও কিডনি দান করছেন।

উমা বললেন, কিডনি দানে মানুষকে রাজি করানো খুব কঠিন একটি কাজ। কারণ, সবাই স্বাস্থ্যঝুঁকির কথা তোলেন। তাই তিনি একটি দৃষ্টান্ত স্থাপনের সিদ্ধান্ত নিলেন। একজন অসহায় ব্যক্তিকে নিজের একটি কিডনি দান করে দিলেন। সলিল নামের ওই ব্যক্তিও স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। কিডনি দানের ক্ষেত্রে উমার একটি শর্ত ছিল। তা হলো সুস্থ হয়ে ওঠার পর সলিলের কাজে ফিরে যাওয়া।

মহৎ নারী উমা সম্পর্কে সলিল বলছিলেন, উমা এমন একজন নারী, যিনি মহাত্মা গান্ধীর একটি বাণী মনেপ্রাণে বিশ্বাস করেন। তা হলো ‘পরিবর্তন দেখতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে।’

উমাও বলছিলেন, ‘সবাই পৃথিবীটাকে বদলে দিতে চায়। কিন্তু কেউই আগে নিজেকে বদলাতে প্রস্তুত নয়। কিন্তু আমি নিজেকে বদলেছি। একটি কিডনি দান করেছি। কিন্তু বিনিময়ে একজন ভাইও (সলিল) পেয়েছি।’ তথ্যসূত্র: বিবিসি।