যমুনার চরে সংস্কৃতি উৎসব হচ্ছেই

তীব্র ভর্ৎসনা করেও ভারতের জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) দিল্লিতে যমুনা নদীর চরে বিশ্ব সাংস্কৃতিক উৎসবের অনুমতি দিলেন। তবে সে জন্য আদালত শ্রীশ্রী রবিশঙ্করের সংগঠন ‘আর্ট অব লিভিং’কে পাঁচ কোটি রুপি জরিমানা করেছেন। একই সঙ্গে এক লাখ রুপি জরিমানা ধার্য করেছেন দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও। কাল শুক্রবার থেকে তিন দিন ধরে এই অনুষ্ঠান হবে।
দীর্ঘ টালবাহানার পর এই অনুমতি পাওয়া গেলেও প্রধানত বিতর্কের কারণেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগেই জানিয়েছিলেন, এই অনুষ্ঠানে তিনি যাবেন না। গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও আর্ট অব লিভিংয়ের বিশ্ব সাংস্কৃতিক উৎসবে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখা হলো। নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না বলে মত দিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।
যমুনার চরে ইতিমধ্যে প্রায় ২৫ কোটি রুপি খরচ হয়েছে এই কর্মযজ্ঞে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রীশ্রী রবিশঙ্কর আয়োজিত তিন দিনের এই সম্মেলনে ৩৫ লাখ মানুষের যোগ দেওয়ার কথা। এই সম্মেলনকে সার্থক করতে যমুনার বিস্তীর্ণ চরে সাত একর জমির ওপর তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ। মঞ্চকে ঘিরে প্রায় এক হাজার একর জমিতে তৈরি করা হয়েছে সাংস্কৃতিক গ্রাম। বিশ্বের দেড় শ দেশের ৩৫ হাজার মানুষ এতে যোগ দেবেন। শেখানো হবে কীভাবে যোগ ও ধ্যানের মাধ্যমে আনন্দে থাকা যায়। হবে সর্বধর্ম প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক এই অনুষ্ঠানকে সফল করে তুলতে যমুনার ওপরে ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে একাধিক অস্থায়ী সেতু। কিন্তু বাদ সাধেন পরিবেশবাদীরা। তাঁরা দ্বারস্থ হন জাতীয় পরিবেশ আদালতের।
গতকাল রাজ্যসভায় বিরোধীরা বিষয়টি উত্থাপন করেন। সংযুক্ত জনতা দলের শারদ যাদবসহ কয়েকজন জানতে চান যমুনা প্লাবিত হলে যে চর ভেসে যায়, সেখানে কেন এত বিশাল এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো? সিপিএমের সীতারাম ইয়েচুরির প্রশ্ন, একটা ব্যক্তিগত প্রয়াসের সঙ্গে কী করে সেনাবাহিনী যুক্ত হতে পারে? কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অনুমতি দেয়নি বলে জাতীয় পরিবেশ আদালতে জানানো হয়।
পরিবেশ মন্ত্রণালয়কে এই বিষয়ে তীব্র তিরস্কার করেছেন জাতীয় পরিবেশ আদালত। যদিও পরিবেশ মন্ত্রণালয় আদালতে বলেছে, অস্থায়ী কোনো অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন নেই। পানিসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী অনুষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে বলেছেন, শ্রীশ্রী রবিশঙ্কর পরিবেশের উন্নতিতেই কাজ করছেন। এর ক্ষতি তিনি করতে পারেন না। পরিবেশবিদদের মতে, যমুনার চরের যে ক্ষতি এই অনুষ্ঠানের ফলে হবে, তা কাটাতে ১০০ কোটি রুপির বেশি লাগবে।