যাত্রার অপেক্ষায় কলকাতা-খুলনা-ঢাকার বাস

কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে নতুন যাত্রীবাহী বাস পরিষেবার শুভ উদ্বোধন হচ্ছে ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়। ভারতের দিল্লি থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে এই নতুন বাস পরিষেবার উদ্বোধনের পরপরই কলকাতার রাজ্য সচিবালয় নবান্ন থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য দুটি বাস প্রস্তুত রাখা হয়েছে। এই বাস দুটি কলকাতা থেকে ছাড়বে খুলনা-ঢাকার উদ্দেশে। এই বাস কলকাতা-বেনাপোল-যশোর-খুলনা হয়ে মাওয়ার পথে পদ্মা নদীর ফেরি পার হয়ে ঢাকা পৌঁছাবে। তবে এর আগে গত বছরের ৩০ আগস্ট এই পরিষেবা চালুর লক্ষ্যে কলকাতা-খুলনার মধ্যে পরীক্ষামূলক বাসযাত্রার সূচনা হয়েছিল।
কলকাতায় শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ প্রথম আলোকে বলেন, রাজ্য সচিবালয় নবান্ন থেকে এই বাস পরিষেবা উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে শনিবার বেলা ১১টায়। থাকবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিশিষ্টজনেরা। এরপর দিল্লি থেকে এই বাস পরিষেবার শুভ সূচনা ঘোষণার পর কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকার পথে ছাড়বে অত্যাধুনিক দুটি ভলবো বাস।
১৯৯৮ সালে প্রথম ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। এখনো এই বাস রোববার ছাড়া প্রতিদিনই চলছে ঢাকা ও কলকাতার মধ্যে। এরপর ২০১৫ সালে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও চালু করা হয়েছে যাত্রীবাহী বাস চলাচল। সেই বাসও রোববার ছাড়া প্রতিদিন চলছে। এবার শুরু হচ্ছে কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল।