যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী এ ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।


পুলিশ ও ওই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে জোর করে প্রকৌশল বিভাগের ছাত্ররা তাঁদের ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে একটি কক্ষে দরজা বন্ধ করে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এ সময় তিনি বাধা দিলে ছাত্ররা তাঁকে মারধর করে মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন। ওই ছাত্রী ১০ ছাত্রের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।


যাদবপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।


ঘটনার পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছেন।

কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে বলেন, ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।


যেসব ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা দাবি করেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।