যাদবের মুক্তি চাইলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলভূষণ যাদব
কুলভূষণ যাদব

গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নাগরিক কুলভূষণ যাদবের (৪৬) মুক্তির আবেদন জানিয়েছেন তাঁর মা।

গতকাল বুধবার, পাকিস্তানে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব তহমিনা জানজুয়ার সঙ্গে দেখা করেন। সাক্ষাতে গৌতম বাম্বাওয়ালে, পাকিস্তান সরকারের কাছে কুলভূষণ যাদবের মায়ের আবেদনের কপি তহমিনা জানজুয়ার কাছে তুলে দেন।

সরকারি সূত্র এ খবর নিশ্চিত করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। তারা জানায়, যাদবের পক্ষে তাঁর মায়ের আবেদনটি আদালতের কাছে পেশ করা হয়েছে।

মুক্তির আবেদনের পাশাপাশি ছেলের সঙ্গে সাক্ষাতের আবেদনও জানিয়েছেন যাদবের মা। এ বিষয়ে যাদবের মা ও বাবার ভিসা-প্রক্রিয়া সহজতর করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে। নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে ভিসার জন্য তাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন। এদিকে যাদবের জন্য পাকিস্তানের দূতাবাসে এ নিয়ে ১৬ বার আবেদন জানালেন ভারতের হাইকমিশনার বাম্বাওয়ালে।

গোয়েন্দা অভিযান চালিয়ে বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে গত বছরের মার্চে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ ছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলেছে, গ্রেপ্তারের পর কুলভূষণ যাদব একজন ম্যাজিস্ট্রেটের সামনে এবং আদালতে স্বীকার করেছেন, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বীকারোক্তিতে কুলভূষণ যাদব বলেন, পাকিস্তানে অস্থিতিশীলতা বাড়াতে করাচি ও বেলুচিস্তানে সক্রিয় ছিলেন তিনি।

পরে চলতি বছরের ১০ এপ্রিল কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)। সে সময় পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের সামরিক আইনের (পিএএ) আওতায় এফজিসিএম ওই গুপ্তচরকে সাজা দিয়েছেন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া নিশ্চিত করেছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস অনলাইন।