যাদের নাম নেই, তাদের কারও বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং
রাজনাথ সিং

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগে বলেছিলেন, তাঁদের অনুমান, নাগরিকত্বের পরিচয় দিতে পারবেন না, এমন মানুষের সংখ্যা রাজ্যে হবে প্রায় ৩০ লাখ। আজ সোমবার জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশের পর দেখা গেল, সেই সংখ্যা ১০ লাখ বেড়ে গেছে। এ নিয়ে ভারতীয় সংসদের উভয় কক্ষ প্রতিবাদ ও আশঙ্কায় ফেটে পড়লে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সবাইকে আশ্বস্ত করে বলেন, যাঁদের নাম বাদ গেছে, তাঁরা উপযুক্ত প্রমাণ দিয়ে নাম ঢোকানোর আরও অনেক সুযোগ পাবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের আশ্বস্ত করে আরও বলেন, আসামের এনআরসি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি। সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই তালিকা প্রস্তুত করা হয়েছে; যা প্রকাশিত হয়েছে, তা চূড়ান্ত খসড়া তালিকা। ওই তালিকাই শেষ কথা নয়। রাজনাথ সিং বলেন, যাঁদের নাম নেই, তাঁদের কারও বিরুদ্ধে দমনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ভয় বা আতঙ্কগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে আসার আগে আজ সকালে কলকাতায় এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধুনা করেন। একই দাবিতে রাজ্যসভা ও লোকসভায় সরব হন তৃণমূল কংগ্রেস সদস্যরা। তাঁদের সঙ্গ দেন কংগ্রেস ও কমিউনিস্টরাও। তুমুল হট্টগোলের দরুন রাজ্যসভা বেশ কিছু সময়ের জন্য মুলতবি করে দিতে হয়। তৃণমূল সদস্যদের বক্তব্য, আজ আসামে যা হচ্ছে, তা কাল অন্য রাজ্যেও হবে। এভাবে দেশের মধ্যেই উদ্বাস্তু হয়ে যাবেন লাখ লাখ ভারতীয়। এসব মানুষের চাপ সইতে হবে পশ্চিমবঙ্গকে। তাঁরা বলেন, আসাম থেকে সুকৌশলে বাঙালি বিতাড়ন শুরু হয়েছে। নির্বাচনী রাজনীতি করতে গিয়ে বিজেপি এই ভয়ংকর খেলাটা খেলছে। তাদের মদদ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। 

এনআরসি প্রকাশ নিয়ে আসামসহ দেশের অন্যত্র যে আশঙ্কা ও অস্থিরতা দেখা দিয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্যসভায় মুলতবি প্রস্তাব এনেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তা খারিজ করে দেন। গোলমালের জন্য দুপুর ১২টা পর্যন্ত সভার কাজ মুলতবি করা হয়। এই সময় বিরোধীরা এনআরসি ‘অমানবিক’ বলে চিৎকার করতে থাকেন। বলতে থাকেন, বাঙালিদের বিরুদ্ধে এটা চক্রান্ত। বাঙালি খেদাওয়ের পর শুরু হবে বিহারি খেদাও।
চূড়ান্ত তালিকাতেও যাঁদের নাম থাকবে না, তাঁদের কী করা হবে? এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কেউ কোনো মন্তব্য করেননি। এর আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা এনআরসি তৈরি করছেন। যাঁরা নাগরিকত্বের পরিচয় দিতে পারবেন না, তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করবে কেন্দ্র। রাজনাথ সিং কিন্তু সোমবার তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।