যানজট কমাতে গুয়াহাটিতে ওয়াটার ট্যাক্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যানজট কমাতে এবার উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি। ব্রহ্মপুত্র নদে শিগগিরই রাজ্য সরকার ৫০টি এই ট্যাক্সি নামাবে। আপাতত শহর থেকে বিমানবন্দর চলবে দ্রুতগতির এই জলযান।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান বিজেপিশাসিত আসামের পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।
গুয়াহাটি শহর থেকে গোপীনাথ বড়দলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে পরিচিত এ বিমানবন্দরে আসাম ছাড়াও অন্যান্য রাজ্যের যাত্রীরা যাতায়াত করেন। যানজট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গুয়াহাটির বিমানযাত্রীদের। এ সমস্যার সমাধানে পানিসম্পদকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার।
রাজ্যের শিল্প, বাণিজ্য তথা পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির দাবি, মাত্র ১৮ মিনিটে শহর থেকে নৌপথে বিমানবন্দর পৌঁছানো যাবে। বিমানবন্দরের কাছেই উন্নতমানের জেটি নির্মাণ করে সেখান থেকে যাত্রীদের তাপানুকূল বাসে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। গুয়াহাটি শহরের জেটিগুলোও উন্নত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
পরিবহনমন্ত্রী আরও জানান, শুধু বিমানবন্দরের জন্যই নয়, গোটা রাজ্যের জন্যই নৌপরিবহন-ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ধুবড়ি দিয়ে বাংলাদেশের সঙ্গে নৌযোগাযোগ-ব্যবস্থা বাড়ানোর বিষয়টিও মাথায় রয়েছে। বাংলাদেশের নৌপরিবহন-ব্যবস্থার সঙ্গে আসামকে যুক্ত করতে পারলে বেশ সুবিধা হবে।’
বরাক ও ব্রহ্মপুত্র নদে নৌ চলাচলকে জনপ্রিয় করতে আসামের ১০০টি জেটির সংস্কার করা হবে বলে চন্দ্রমোহন জানান। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যে নৌপরিবহনে জাতীয় প্রকল্প চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় পণ্য ও যাত্রী পরিবহনে নৌপথকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।