যুক্তরাজ্যকে টপকে গেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোট-বন্দী নিয়ে নাকাল ভারতীয়দের কাছে শ্লাঘার বিষয়, যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ১৯৯১ সাল থেকে ভারতীয় অর্থনীতির উদারনীতি অনুসরণ করে এগিয়ে চলার ২৫ বছরের মধ্যেই এই সাফল্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত অক্টোবর মাসেই এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু টুইট করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পরেই এখন ভারতের স্থান। ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি। এটা ঠিক যে ভারতের জনসংখ্যা প্রচুর। কিন্তু তা সত্ত্বেও এটা এক বিরাট সাফল্য।
আত্মশ্লাঘার আরও একটি কারণ, একদা ব্রিটিশ-রাজের অধীনে থাকা দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ, যার অর্থনীতি পূর্বতন ‘প্রভুকে’ ছাপিয়ে গেল। এই সাফল্য দেশের মোট জাতীয় আয়ের নিরিখেই। ১৬ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যের মোট জাতীয় আয় যেখানে ছিল ২ দশমিক ২৯ ট্রিলিয়ন ডলার, ভারতের মোট জাতীয় আয়ের অঙ্ক সেখানে ২ দশমিক ৩০ ট্রিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, এই ফারাক আগামী দিনে আরও বাড়বে। কারণ, ভারতের জাতীয় প্রবৃদ্ধির হার ৭ শতাংশের আশপাশে থাকবে। অথচ যুক্তরাজ্যের প্রবৃদ্ধির হার থাকবে মাত্র দেড় থেকে ২ শতাংশের মধ্যে। চলতি আর্থিক বছরে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হতে চলেছে ১ দশমিক ৮ শতাংশ হারে। আগামী অর্থবছরে তা আরও কমে হবে ১ দশমিক ১ শতাংশ। গত অক্টোবর মাসে চীনের প্রবৃদ্ধির হারকেও পেছনে ফেলে বিশ্বের দ্রুততম অর্থনীতি রূপে গণ্য হয়েছিল ভারত।
যুক্তরাজ্যের এই ক্রমশ পিছিয়ে পড়ার প্রধান কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের বেরিয়ে আসার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দাম মারাত্মক কমে যায়। এর ফলে ডলারের তুলনায় বিনিময় মূল্যের নিরিখে ভারত এগিয়ে যায়। পাশাপাশি গত ২৫ বছরে ভারতের অর্থনীতির প্রবল অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অর্থভান্ডারের প্রাথমিক হিসাব ছিল, এই অগ্রগতির কারণে যুক্তরাজ্যকে ভারত টপকে যাবে ২০২০ সালের মধ্যে। কিন্তু ‘ব্রেক্সিট’-এর সিদ্ধান্ত বিষয়টিকে ত্বরান্বিত করেছে।
আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়ার একটা আশঙ্কা অবশ্য রয়েছে। কারণ সেই নোট-বন্দী। অর্থনীতির বিশেষজ্ঞদের আশঙ্কা, ৫০০ ও ১০০০ রুপির নোট বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত আর্থিক অগ্রগতির পথে একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে প্রবৃদ্ধির হার ১ থেকে ২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলেও কোনো কোনো অর্থনীতিবিদের আশঙ্কা। তবে তা হলেও যুক্তরাজ্যকে টপকে ভারতীয় অর্থনীতি যে স্থান অর্জন করেছে, তাতে হেরফের ঘটবে না বলেই মনে করা হচ্ছে। আইএমএফের মতে, ২০১৯ সালের মধ্যে ভারতীয় অর্থনীতির বহর জাপান ও জার্মানিকেও ছাড়িয়ে যাবে।
প্রবৃদ্ধির হারে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেলেও মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত অবশ্য এখনো যুক্তরাজ্যের তুলনায় অনেক পিছিয়ে। ভারতীয়দের মাথাপিছু আয়ের তুলনায় ব্রিটিশদের আয় পাঁচ গুণ বেশি। তবে ভারতের জনসংখ্যার আকারের কথা ভাবলে আবার ব্যবধানটা তত বড় মনে হয় না।