যুক্তরাষ্ট্র থেকে টিকা যাচ্ছে ভারতসহ তিন দেশে
পূর্বপরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্র থেকে ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা পাবে ভারত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ কথা জানিয়েছেন। শুধু ভারত নয়, মেক্সিকো, গুয়াতেমালা ও ক্যারিবীয় অঞ্চলেও টিকা দেবে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভির।
কমলা হ্যারিস মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর, গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই, ক্যারিবীয় কমিউনিটির চেয়ারম্যান কেইথ রাউলের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত ছাড়াও এসব দেশে টিকার জোগান দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি ফর গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং পরিকল্পনার আওতায় এসব দেশে টিকা সরবরাহ করা হবে।
জুন মাস শেষ হওয়ার আগেই বাইডেন-হ্যারিস প্রশাসন কমপক্ষে ৮ কোটি টিকা বিশ্বে সরবরাহ করবে।
গ্লোবাল অ্যালোকেশন প্ল্যান নিয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কমলা হ্যারিসের ফোনালাপ নিয়ে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সিনিয়র অ্যাডভাইজার ও প্রধান মুখপাত্র সাইমন স্যান্ডার্স বলেন, টিকা পেতে অনুরোধ জানিয়েছে এমন দেশগুলোর মধ্যে যেসব দেশের জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসহায়তা প্রয়োজন, তাদের টিকা দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান। সমর্থন ও সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।
স্যান্ডার্স বিবৃতিতে জানান, ভারত, মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের নেতারা কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন। করোনা রোধে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশগুলো কাজ করার অঙ্গীকার করেছে।