যুক্তরাষ্ট্র-ভারত রূপকল্পে পাকিস্তানও উপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে যৌথ কৌশলগত রূপকল্পের ব্যাপারে একমত হয়েছেন, তার আওতাভুক্ত এশিয়া-প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর অঞ্চলগুলোও। যদিও এটা দ্বিপক্ষীয় ঘোষণা, কিন্তু সেখানে পাকিস্তানেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। চুক্তিটি নিবিড়ভাবে পড়লেই তার ইঙ্গিত মিলবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন।
গতকাল সোমবার ডন পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়, দুই নেতা গত রোববার যে চুক্তিতে সই করেছেন, তাতে বলা হয়েছে, ‘আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণকে সহায়তা করতে আমরা ত্বরিত অবকাঠামোগত সংযোগ স্থাপন ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেব। এটা এমনভাবে করা হবে যা দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়াকে সংযুক্ত করবে। জ্বালানি প্রেরণ এবং মুক্তবাণিজ্যকে উৎসাহিতকরণ এবং জনগণের সঙ্গে জনগণের (পিপল টু পিপল) বৃহত্তর সংযোগ স্থাপনসহ নানাভাবে সেটা করা হবে।’
বিশ্লেষকেরা বলছেন, যৌথ নথিতে ‘জনগণের সঙ্গে জনগণের বৃহত্তর সংযোগ’ শব্দগুচ্ছটি নেওয়া হয়েছে ভারত-পাকিস্তান সংলাপে ব্যবহৃত মানসূত্র থেকে। এ ছাড়া সার্বিক সংযোগ স্থাপনের গন্তব্য হিসেবে মধ্য এশিয়াকে উল্লেখ করার বিষয়টি স্পষ্টতই পাকিস্তানের ভূমিকা রাখার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ, চীন, রাশিয়া বা ইরানের কথা চুক্তিতে সইকারীদের মাথায় থাকার কথা নয়।
যৌথ চুক্তিতে বলা হয়, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে সেতুবন্ধ স্থাপনকারী (বিশ্বের) সবচেয়ে বড় দুই গণতন্ত্রের নেতা হিসেবে আমরা এই যৌথ কৌশলগত রূপকল্পের ব্যাপারে একমত হয়েছি।’ আঞ্চলিক সমৃদ্ধির বিষয়টি নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভরশীল মন্তব্য করে নথিতে আরও বলা হয়েছে, ‘আমরা জলসীমার নিরাপত্তা এবং এই অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে, নৌপথ ও আকাশপথে (ওভারফ্লাইট) চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি।’
‘ওভারফ্লাইট’ শব্দটি ভারতীয় কর্মকর্তারা ভুল করে ব্যবহার করেছেন, তেমন ধারণা যুক্তিযুক্ত নয়। কারণ, দেশটি তার আকাশসীমায় পাকিস্তানের বেসামরিক বিমানগুলোর চলাচল বন্ধ করতে অতীতে তা ব্যবহার করেছে। যদিও নথিতে স্পষ্টতই চীনকে লক্ষ্যবস্তু করে বাক্যগুলো সাজানো হয়েছে, সেগুলোর নিহিতার্থ অনেক সুদূরপ্রসারী বলেই মনে করছেন বিশ্লেষকেরা।