যুদ্ধজাহাজ নির্মাণে মোদির ৫০ হাজার কোটি রুপি ছাড়
দেশেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করতে ৫০ হাজার কোটি রুপি ছাড় দিয়েছে ভারত সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ কথা জানায়। ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর সমকক্ষ শক্তি হওয়ার জন্য নতুন ডুবোজাহাজ কেনার সিদ্ধান্তের কয়েক মাসের মধ্যেই এই যুদ্ধজাহাজ নির্মাণে টাকা ছাড় করল মোদি সরকার। খবর এনডিটিভির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতটি সর্বাধুনিক ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেন। অত্যাধুনিক প্রযুক্তির এসব জাহাজের অবস্থান শত্রুর চোখে সহজে ধরা পড়বে না। দুটি জাহাজ নির্মাণের জন্য সরকার দ্রুত চুক্তি করবে।
সম্প্রতি প্রতিবেশী শ্রীলঙ্কার জলসীমায় চীনের ডুবোজাহাজের উপস্থিতি ভারতের নৌবাহিনীর জন্য একটি চিন্তার কারণ হয়ে ওঠে।
নতুন অনুমোদন পাওয়া যুদ্ধজাহাজগুলো নির্মিত হচ্ছে প্রজেক্ট-১৭ নামের একটি প্রকল্পের আওতায়। ভারতের মুম্বাই ও কলকাতার বন্দরে এসব জাহাজ তৈরি করা হবে। মোদি সরকারের ‘ভারতে তৈরি করুন’ প্রচারণার অংশ হিসেবে এসব জাহাজ দেশেই তৈরি হচ্ছে।
সরকারি সূত্র বলছে, ২০১২ সাল থেকে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পড়ে ছিল ‘প্রজেক্ট ১৭’। বিজেপি সরকার গত বছর ক্ষমতায় আসার পর থেকে দ্রুত এই প্রকল্পে অর্থ ছাড় দিতে তৎপর হয়।
নৌবাহিনী জাহাজ নির্মাণে মন্ত্রিসভার অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নৌবাহিনী সূত্র বলছে, এতগুলো জাহাজ নির্মাণ করতে এক দশক বা আরও বেশি সময় লেগে যাবে।
একের পর এক দুর্ঘটনার কারণে ভারতের নৌবাহিনীর ডুবোজাহাজের সংখ্যা ১৩টিতে নেমে এসেছে। এর মধ্যে মুম্বাইয়ে ২০১৩ সালে একটি দুর্ঘটনায় ১৮ জন নাবিক মারা যান। গত বছরের অক্টোবর মাসে বিদেশি সহায়তায় ছয়টি ডুবোজাহাজ নির্মাণের অনুমোদন দেয় ভারত সরকার।
ভারতের সাবেক ভাইস অ্যাডমিরাল অরুণ কুমার সিং বলেন, ‘সরকারের কাজের মধ্যে তাড়া লক্ষ করা যাচ্ছে। তবে তাদের প্রচুর কাজ করার আছে। কোনো সময়সীমা নির্ধারণ ছাড়াই আমাদের বেশির ভাগ কর্মসূচি চলছে। আবার এর জন্য প্রচুর অর্থও ব্যয় হচ্ছে।’
গত বছর ক্ষমতায় বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন।