ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, চীন ও পাকিস্তানের সঙ্গে দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত তাঁর দেশের। রাজধানী নয়াদিল্লিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, সেমিনারে জেনারেল বিপিন রাওয়াত ডোকলামে চীনের সঙ্গে তাঁর দেশের মুখোমুখি অবস্থানের প্রসঙ্গ টানেন। ১০ সপ্তাহের এই মুখোমুখি অবস্থানের অবসান ঘটে গত সপ্তাহে। তিনি বলেন, এই পরিস্থিতি ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তে আরও বড় সংঘাতের সূচনা ঘটাতে পারত। পশ্চিম প্রান্তে পাকিস্তান সে পরিস্থিতির সুযোগ নিতে পারত। ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, ‘আমাদের প্রস্তুত হতে হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ডোকলাম সংকটকে পেছনে ফেলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করার কয়েক দিনের মধ্যেই জেনারেল বিপিন রাওয়াত এ ধরনের মন্তব্য করলেন। চীনের বন্দরনগরী সিয়ামেনে ব্রিকস সম্মেলনের ফাঁকে সি চিন পিং ও মোদি বৈঠক করেন।