যে আইনজীবীর 'গরিব মক্কেল' কেজরিওয়াল
ভারতের এক প্রখ্যাত আইনজীবীর নাম রাম জেঠমালানি। বয়স এখন ৯৩ বছর। বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকার সময় জেঠমালানি ছিলেন আইনমন্ত্রী। এখনো রাজ্যসভার সদস্য। এই প্রবীণ আইনজীবীকে মামলায় যুক্ত করা সাধারণত বিত্তবানদের কাজ।
অন্যদিকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। গরিব মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। এই গরিব মুখ্যমন্ত্রী ২০১৫ সালে অর্থমন্ত্রী অরুণ জেটলির করা একটি মামলায় আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলেন রাম জেঠমালানিকে। দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতি থাকার সময় জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল। এ অভিযোগের বিরুদ্ধে জেটলি মানহানির মামলা করেন। ক্ষতিপূরণ দাবি করেন ১০ কোটি রুপি। সেই মামলায় কেজরিওয়ালের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান রাম জেঠমালানি। ওই মামলার খরচ হিসেবে রাম জেঠমালানি গত বছরের ডিসেম্বর মাসে কেজরিওয়ালের কাছে বিল পাঠান ৩ কোটি ৪২ লাখ রুপির।
এখন সেই বিল মেটাতে হিমশিম খাচ্ছেন কেজরিওয়াল। তিনি দিল্লির আমজনতার কাছে এই মামলার খরচ মেটানোর আরজি জানিয়েছেন।
রাম জেঠমালানি ১১ দিন আদালতে যান কেজরিওয়ালের আইনজীবী হিসেবে। এ জন্য তিনি তাঁর ফি ধরেন প্রতিদিন ২২ লাখ রুপি হিসেবে ২ কোটি ৪২ লাখ রুপি। আর মামলা গ্রহণ করার জন্য ফি ধরেন এক কোটি রুপি। সব মিলিয়ে বিল করেন ৩ কোটি ৪২ লাখ রুপি।
তবে কেজরিওয়াল এই ফি না দেওয়ায় রাম জেঠমালানি কেজরিওয়ালকে ‘গরিব মক্কেল’ বলে মন্তব্য করে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল বা তাঁর সরকার যদি এ বিল পরিশোধ না করেন, তবে তিনি বিনা পারিশ্রমিকে কেজরিওয়ালের পক্ষে মামলা চালাবেন।