
৮১ বছর বয়সী জগদাস ছিলেন মুসলমান-অধ্যুষিত দেশ পাকিস্তানের নাগরিক। হিন্দুরা সেখানে সংখ্যালঘু। দশকের পর দশক ধরে যন্ত্রণায় ভুগেছেন আর এ থেকে পরিত্রাণ পেতে ভারতে চলে আসার স্বপ্ন দেখেছেন। শেষমেষ পাড়ি দিয়েছেন সীমান্ত। কিন্তু সীমান্তের এ পারের বাস্তবতার সঙ্গে তাঁর স্বপ্নের যে যোজন যোজন ফারাক, তা ভেবে উঠতে পারেননি।
ভারত-পাকিস্তান ভাগের পর ৭০ বছর পেরিয়ে গেল আজ ১৪ আগস্ট। এত দিন পর এখনো পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা পাড়ি জমাচ্ছে ভারতে। যেখানে সীমান্তবর্তী অস্থায়ী ক্যাম্পগুলোতে কর্মহীন অবসন্ন জীবন যাপন করছে পাকিস্তান থেকে চলে আসা হাজার হাজার মানুষ। বৈধভাবে কাজ করার অধিকার তাঁদের নেই। চলাচলের ওপর নানা নিষেধাজ্ঞা। সারাক্ষণ তাঁদের ওপর নজর রাখছে বিভিন্ন সংস্থার লোকজন। তাই অবৈধ পাথর কোরিয়াতে চুরি করে পাথর ভাঙার কাজ করেন অনেকে।
ভারতের রাজস্থান রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর যোধপুরের একটি অস্থায়ী ক্যাম্পে থাকেন জগদাস। তিনি বলেন, ‘কাজ নেই, ঘর নেই, টাকা নেই, খাবারও নেই। সেখানে আমরা কৃষক ছিলাম, খেতে কাজ করতাম। কিন্তু এখানে আমাদের মতো মানুষদের জীবিকা নির্বাহের জন্য অনিচ্ছা সত্ত্বেও পাথর ভাঙার কাজ করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জন্য দেশ বিভাগ পর্ব এখনো শেষ হয়নি। হিন্দুরা এখনো তাঁদের দেশে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে এসে তাঁরা দেখছেন তাঁদের কিছুই নেই। তাঁরা নিঃস্ব।’
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত। ধর্মের ভিত্তিতে জন্ম নেয় নতুন দেশ পাকিস্তান। এ সময় ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক সংঘাত। দাঙ্গায় অন্তত ১০ লাখ মানুষ প্রাণ হারায় এবং প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। উদ্বাস্তু হয়ে পড়ে দেড় কোটির বেশি মানুষ। আতঙ্কিত হিন্দু ও শিখ ধর্মের বহু মানুষ পাকিস্তান থেকে চলে আসে ভারেত। আর মুসলমানেরা চলে যায় পাকিস্তানে। পাকিস্তানের সংখ্যালঘুদের মধ্যেহিন্দু ধর্মাবলম্বীরা এখনো অন্যতম সংখ্যাগরিষ্ঠ। প্রায় ২০ কোটি জনসংখ্যা-অধ্যুষিত পাকিস্তানের ১ দশমিক ৬ শতাংশ নাগরিক হিন্দু। অনেকেই বলে থাকেন, এই হিন্দুরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি অনেকেই অপহরণ, ধর্ষণ ও জোরপূর্বক বিয়ের ঝুঁকিতেও রয়েছেন।
নিজ দেশে সৃষ্ট ব্যাপক খরার কবল থেকে রক্ষা পেতে দেশ বিভাগের মাত্র কয়েক মাস আগে সপরিবার বর্তমান পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন জগদাস। তিনি বলেন, ‘দেশ বিভাগের পরপরই শুরু হয় হেনস্তার পালা। এমন একটি দিনও যায়নি, যে দিনটিতে আমরা শান্তিতে ঘুমাতে পেরেছি। আমি চেয়েছিলাম দেশে ফিরে আমার হিন্দু ভাইদের সঙ্গে থাকতে।’
ভারতের অধিকাংশ অভিবাসী ট্রেনে চেপে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে এসেছেন। বাস্তবতা হলো, স্থানীয় সাধারণ মানুষের মতো নয়, একেবারে বিচ্ছিন্ন কিছু ক্যাম্পে থাকেন তাঁরা। আর তাঁদের ওপর থাকে কর্তৃপক্ষের সার্বক্ষণিক সন্দিহান দৃষ্টি। পাকিস্তান থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয় সাত বছরের মাথায়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা কখনো কখনো দীর্ঘায়িত হয়। যেমন খনারামজি নামে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি ১৯৯৭ সালে পাকিস্তান থেকে পালিয়ে আসার পর ২০০৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তিনি বলেন, ‘হতাশ হয়ে একপর্যায়ে অনেকে আবার পাকিস্তানে চলে গেছে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। আমরা যেন মালিক ছাড়া গবাদিপশু।’
তবে এই হয়রানি লাঘবে অনেক দেরিতে হলেও কিছু উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার। গত বছর নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন নাগরিকত্বের জন্য তারা কেন্দ্রীয় সরকারের পরিবর্তে যে রাজ্যে বাস করছে সে রাজ্যের সরকারের কাছে আবদেন করতে পারে।