যে সন্ন্যাসী বদলে দিয়েছেন মোদির জীবন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফরকালে আগামী শনিবার দেখা করবেন ৯৫ বছর বয়সী সন্ন্যাসী স্বামী আত্মস্থানানন্দের সঙ্গে। তিনি বর্তমানে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের প্রধান। এই আত্মস্থানানন্দের উপদেশ মেনে নিয়েই মোদি সন্ন্যাসের পথ ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
১৯৬৬ সালে গুজরাটের রাজকোট শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধানের দায়িত্ব নেন আত্মস্থানানন্দ। কিশোর বয়সের মোদি সেখানে গিয়েছিলেন আধ্যাত্মিকতার শিক্ষা নিতে। কিছুদিন থাকার পর তাঁর কাছে সন্ন্যাসী হওয়ার আগ্রহের কথা জানান কিশোর মোদি। কিন্তু আত্মস্থানানন্দ বললেন, ‘সন্ন্যাস তোমার জন্য নয়।’
এরপর মোদি যান রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠে। সেখানকার অধ্যক্ষও তাঁকে মানুষের মধ্যে থেকে কাজ করার উপদেশ দেন। তখন মোদি গুজরাটে ফিরে যান। এর কয়েক দিন পরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি।