যেখানে মৃত্যুর ৭০ ভাগই ক্যানসারে!
ভারতের পরমাণু শক্তিকেন্দ্রগুলোর আশপাশে গত ২০ বছরে যত মানুষ মারা গেছেন, তাঁদের প্রায় ৭০ ভাগেরই মৃত্যুর কারণ ক্যানসার।
১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির ১৯টি পরমাণু শক্তিকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় তিন হাজার ৮৮৭ জন স্বাস্থ্যগত কারণে মারা যান। এর মধ্যে ২৬০০ জনেরই মৃত্যু হয়েছে ক্যানসারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের পরমাণু শক্তি বিভাগের (ডিএই) অধীন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বিএআরসি) চেতন কোঠারি নামের এক অধিকারকর্মীর দাবির পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইনে এই তথ্য দেয়। বিএআরসি আরও বলছে, ২০ বছরে এসব শক্তিকেন্দ্রে কাজ করা ২৫৫ জন দীর্ঘকাল রোগে ভুগে বা পারিবারিক অন্যান্য সমস্যার কারণে আত্মহত্যা করেন। অর্থাৎ মাসে গড়ে একজনের বেশি আত্মহত্যা করেছেন।
ভারতে প্রতিবছর ৯৫ লাখ লোক মারা যায়। এর মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে ৭ শতাংশের।
চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার শশাঙ্ক যোশী বলেন, ক্যানসারের সঙ্গে তেজস্ক্রিয়তার সম্পর্ক আছে। তবে গবেষণা না করে তেজস্ক্রিয়তার কারণেই যে এত মৃত্যুর ঘটনা ঘটেছে তা বলা যাবে না।