যেমন ছাত্র তেমন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের বিহারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দেয়াল বেয়ে ‘নকল সাপ্লাই’ দেওয়া এবং বই খুলে পরীক্ষার্থীদের ‘আরামসে’ নকল করার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর ওই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা হয় বিস্তর। নকল রোধ করতে না পারার কথা স্বীকার করে রাজ্যের এক মন্ত্রী তখন বলেছিলেন, ‘তাহলে কি তাদের গুলি করতে মারার নির্দেশ দেব? ’সেখানকার ওই পরীক্ষার্থীদের উত্তরপত্র যাঁরা মূল্যায়ন করেন, সেই শিক্ষকদেরও (পরীক্ষক) শিক্ষা-দীক্ষার অবস্থা যাচ্ছেতাই।
সেখানকার ইংরেজির খাতা মূল্যায়নকারী শিক্ষকদের অনেকেই ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের নামের বানান ঠিক করে লিখতে পারেন না। গণিতের পরীক্ষক ‘ম্যাথমেটিকস’ (গণিত) লিখতে বানান ভুল করেন। সেখানে পরীক্ষার্থী ও পরীক্ষকের ‘পারস্পরিক বোঝাপড়া’ এতটাই গভীর যে, পাস করিয়ে দেওয়ার জন্য উত্তরপত্রের মধ্যে ‘ঘুষ’ হিসেবে ১০০ রুপির নোট স্কচটেপ দিয়ে সেঁটে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এনডিটিভির অনলাইন সংস্করণে অলক পান্ডে ও কানহাইয়াজির এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। পরীক্ষকদের নিয়ে লেখা ওই প্রতিবেদন আজ মঙ্গলবার ছাপা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসের ২৪ মার্চ শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের সাহার্সা জেলার শিক্ষক তামান্না আলী এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ইংরেজির খাতা মূল্যায়ন করছেন। তাঁকে শেকসপিয়ারের (Shakespeare) নামের বানান বলতে বলা হয়েছিল। তামান্না বানান করলেন ‘Shakspear’।
গণিতের শিক্ষকের অবস্থা আরও করুণ। সচরাচর নবম শ্রেণিতে পিথাগোরাসের উপপাদ্যর প্রয়োজনীয়তা বিষয়ে পড়ানো হয়। গণিতের খাতা মূল্যায়নকারী এক শিক্ষকের কাছে এনডিটিভির পক্ষ থেকে ম্যাথামেটিকস (Mathematics) বানান জানতে চাওয়া হয়েছিল। ওই শিক্ষক বললেন, ‘ম্যাথমেটস’ (Mathmates)।
এদিকে, এক পরীক্ষার্থী তার খাতায় ১০০ রুপির একটি নোট টেপ দিয়ে লাগিয়ে রেখেছে। হয়তো এই আশায় যে, এই অর্থের বিনিময়ে পরীক্ষক তাকে পাস করিয়ে দেবেন।
তবে রাজ্যের পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান লালকেশর প্রসাদ সিং বললেন, ‘উন্নতির চেষ্টা সব সময় থাকে। মোটের ওপর পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমি সন্তুষ্ট।’ তবে তিনি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও পরীক্ষকদের যোগ্যতা বাড়ানোর জন্য কাজ করবেন বলে জানান।
এর আগে বছরের প্রথম দিকে পর পর দুবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রায় তিন হাজার প্রাইমারি শিক্ষককে বরখাস্ত করতে বলেছিলেন আদালত। ওই স্কুলশিক্ষকদের পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি, গণিত, হিন্দি এবং সাধারণ জ্ঞানের পাঠ্য বইয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়েছিল।