যৌথ সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ডাক সিপিএমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বামপন্থী দল সিপিআইএম। এ পরিস্থিতিতে আগামী দিনে পশ্চিমবঙ্গসহ গোটা দেশে বামপন্থীরা যাতে ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে রাজ্য সিপিএম উদ্যোগী হয়েছে।
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা-বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্য নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সোমবার ছুটে যান কলকাতার সিপিআই-এমএল লিবারেশনের রাজ্য অফিসে। সেখানে তিনি বৈঠক করেন লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পার্থ ঘোষ ও পলিটব্যুরো সদস্য কার্তিক পালের সঙ্গে। ওই বৈঠকে বিমান বসু লিবারেশনের সঙ্গে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দেন। লিবারেশন নেতারা এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি দিয়ে জানিয়েছেন, আগামী ১৬-১৭ আগস্ট দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।