যৌন কেলেঙ্কারিতে মন্ত্রিত্বের পর দলীয় পদও গেল সন্দীপের
যৌন কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রিত্ব হারানোর পর এবার নিজের দল আম আদমি পার্টি (এএপি) থেকেও বহিষ্কার হলেন সন্দীপ কুমার। মন্ত্রিত্ব চলে যাওয়ার তিন দিন পর আজ শনিবার তাঁকে দল থেকেও বহিষ্কার করা হলো।
সন্দীপ কুমার নারী ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাঁকে অপসারণের পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তাঁর নেতা-কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, ‘সন্দীপ আম আদমি পার্টি ও আমাদের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা আমাদের মূল্যবোধের সঙ্গে কিছুতেই আপস করব না। আমরা প্রয়োজনে মরতে রাজি আছি কিন্তু কোনোভাবেই কারও ভ্রষ্ট আচরণ সহ্য করব না।’
তবে সন্দীপ কুমারের দাবি, তিনি দলিত সম্প্রদায়ের লোক হওয়ায় তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দুজন নারীর সঙ্গে তাঁর নয় মিনিটের ভিডিও ও যে সব ছবি প্রকাশ করা হয়েছে, তিনি সেগুলো অস্বীকার করেছেন। সেই সঙ্গে এ ঘটনার একটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
গেল সপ্তাহের শুরুর দিকে একটি সিডিতে তাঁর ওই ভিডিও এবং কয়েকটি ছবি প্রকাশ করা হয়। আম আদমি পার্টি দাবি করে, কেজরিওয়াল ওই সিডির একটি কপি হাতে পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাঁকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করেন। তবে কেজরিওয়ালের রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী এই ভিডিও সম্পর্কে আগে থেকেই জানতেন কিন্তু জনসমক্ষে আসার পর তিনি কিছুই না জানার ভান করেছেন। যদিও এমন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আম আদমি পার্টি।
গত বছর ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কেজরিওয়াল সন্দীপ কুমারসহ তিনজনকে অপসারণ করেছেন নানা কারণে। এর আগে আইনমন্ত্রী জিতেন্দ্রকে কলেজ ডিগ্রি নিয়ে অভিযোগ এবং খাদ্য ও পরিবেশ মন্ত্রী অসীম আহমেদ খানকে একটি আবাসন প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে অপসারণ করা হয়।
আরও পড়ুন: