যোগীর মতো চুল কাটতে হবে ছাত্রদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলে নতুন একটি নির্দেশ জারি করেছে ওই স্কুলের কর্তৃপক্ষ। স্কুলে এখন ২ হাজার ৮০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এটি পরিচালনা করছে একটি জৈন ট্রাস্ট।

নতুন নির্দেশে বলা হয়, স্কুলের প্রথম থেকে নবম শ্রেণির ছাত্রদের ছোট করে চুল কাটতে হবে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো। কোনো ছাত্র দাড়ি রাখতে পারবে না। কারণ, এটি মাদ্রাসা নয়। এ স্কুলে অবশ্য ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করলেও তাদের ক্লাস নেওয়া হয় পৃথকভাবে।

নির্দেশে বলা হয়, ছাত্রছাত্রীরা স্কুলে কোনো আমিষজাতীয় খাবার নিয়ে আসতে পারবে না। তাদের আনতে হবে নিরামিষ টিফিন।

স্কুলটি উত্তর প্রদেশের মিরাটে অবস্থিত। নাম ঋষভ একাডেমি কো-এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল। পড়ানো হয় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। স্কুলটি সিবিএসই বোর্ডের আওতায়।

এই নির্দেশের পর ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্কুলের পরিচালনা কমিটির সচিব রঞ্জিত জৈন বলেন, ‘আমরা কী চাইছি, সেটা বুঝতে পারছিল না ছাত্ররা। আমরা বলেছি, সেনাদের মতো ছোট চুল রাখতে হবে। সেটির তুলনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চুলের কথা বলা হয়েছিল। এ ছাড়া ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছিল দাঁড়ি না রাখার। কারণ, এটি মাদ্রাসা নয় বা এখানে নামাজ পড়ারও ব্যবস্থা নেই।’ গত বৃহস্পতিবার কয়েকজন ছাত্র চুল কাটার নির্দেশ না মেনে স্কুলে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে চলে আসে।