জৈব-রাসায়নিক অস্ত্র থেকে সেনাদের সুরক্ষার জন্য যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে ভারত ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি, দ্য হিন্দু ও রয়টার্সের।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কার্টার ভারতীয় নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ওই প্রকল্প চূড়ান্ত করেন। পারস্পরিক নিরাপত্তার ব্যাপারে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করাই এর লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লি সফরকালে গত জানুয়ারিতে এ চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছিল।
ভারতের নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় ঘাঁটি বিশাখাপট্টনাম পরিদর্শনের মধ্য দিয়ে কার্টার গত মঙ্গলবার তিন দিনের ভারত সফর শুরু করেন। এর মধ্য দিয়ে তিনি নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সামরিক সম্পর্ক আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ করার ইঙ্গিত দিয়েছেন বলে বিশেষজ্ঞদের ধারণা।
স্নায়ুযুদ্ধের যুগে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও তারা এখন চীনের প্রভাব ঠেকাতে এক জোট হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র সরবরাহকারী শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে এত দিন রাশিয়ার একচেটিয়া প্রাধান্য ছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক-ইন-ইন্ডিয়া’ বা ‘ভারতে তৈরি করুন’ কর্মসূচির আওতায় ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সামরিক প্রযুক্তি উৎপাদন ও উন্নয়নের কাজ শুরু করছে।
নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাশটন কার্টার একটি ১০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
পেন্টাগনের প্রধান কার্টার চলতি সফরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের সঙ্গেও বৈঠক করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, তাঁদের বড় উচ্চাভিলাষ রয়েছে। জেট ইঞ্জিন, বিমানবাহী রণতরির প্রযুক্তি ইত্যাদি প্রকল্প নিয়েও তাঁরা
কাজ করছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা জানান, ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তির আওতায় সেনাদের অত্যাধুনিক সুরক্ষা-পোশাক তৈরির পাশাপাশি যুদ্ধক্ষেত্রের জন্য আগামী প্রজন্মের শক্তির উৎস তৈরি করা হবে।
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ভারত বার্ষিক নৌ মহড়ায় অংশ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে চীন সেখানে দফায় দফায় নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এর মাধ্যমে দেশটি এর প্রভাবের আওতা বৃদ্ধির প্রমাণ দিচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য নিয়ে বিতর্কের জেরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্প্রতি তিক্ত বাগ্যুদ্ধ হয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের মিত্র হিসেবে চীনের ‘প্রতিদ্বন্দ্বী’ ভারতকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও জোরালো ভূমিকায় দেখতে চায়।
পাকিস্তানে অস্ত্র সরবরাহের প্রসঙ্গ: প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকে মার্কিন অস্ত্রশস্ত্র দেওয়ার প্রসঙ্গটি কার্টারের সঙ্গে আলোচনার সময় উত্থাপন করেছে নয়াদিল্লি। সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য ইসলামাবাদকে যুদ্ধবিমানসহ লাখ লাখ ডলারের সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগেও তুলে ধরেছে নয়াদিল্লি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং পারমাণবিক নিরাপত্তার জন্যও পাকিস্তানকে সহায়তা করছে মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি।