যৌন হয়রানির বিরুদ্ধে অনশন স্কুল ছাত্রীদের
যৌন হয়রানির প্রতিবাদে টানা ছয় দিন ধরে অনশন করছে ভারতের হরিয়ানার একদল স্কুলছাত্রী। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। একপর্যায়ে ১৩ প্রতিবাদী মেয়ে কঠোর এ কর্মসূচিতে যায়। তাদের বয়স ১৬ থেকে ১৮।
হরিয়ানা রাজ্যের রিওয়ারি জেলার ঘটনা এটি। অনশনকারী মেয়েরা তাদের গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথে নিত্যদিন যৌন হয়রানির শিকার হতো।
১৩ স্কুলছাত্রীর একজন শীতল বলে, ‘প্রায় প্রতিদিন আমরা উত্ত্যক্তের শিকার হই। আমাদের কি পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত? আমরা কি স্বপ্ন দেখা বাদ দেব? কেবল ধনী ও তাদের সন্তানদেরই কি স্বপ্ন দেখার অধিকার আছে? ’
শীতলের পরামর্শ, সরকারের উচিত তার মতো মেয়েদের সুরক্ষা দেওয়া অথবা গ্রামে উচ্চমাধ্যমিক স্কুল চালু করা। অনশনরত আরেক ছাত্রী সুজাতা বলে, স্কুলে যাওয়ার পথে ছেলেরা প্রায়ই তাদের অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করে।
মেয়েগুলোর অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাদের গ্রামটিতে উচ্চমাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করা হবে। কিন্তু লিখিত অঙ্গীকার বা আদেশ না দেখা পর্যন্ত অনশন ভাঙবে না বলে জানিয়েছে এই মেয়েরা।
অনশনরত এক মেয়ের বাবা রোতাশ কুমার বলেন, তিনি অতীতে এ ধরনের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেননি। কাজেই মিথ্যা আশ্বাসে যৌন হয়রানির বিরুদ্ধে এই আন্দোলন যাতে ভেস্তে না যায়, তা তাঁরা নিশ্চিত হতে চান।
দ্রুত বিচার চান মা
এদিকে হরিয়ানা রাজ্যের রোহতাক জেলায় অপহরণের পর গণধর্ষণ ও হত্যার শিকার তরুণীর মা দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। রোববার পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা কয়েকটি কুকুরকে মানুষের দেহাবশেষ খেতে দেখার পর ওই মেয়েটির লাশের খোঁজ মেলে। মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজি না হলে তার সাবেক প্রেমিক সুমিত বন্ধুদের নিয়ে তাকে গণধর্ষণ করে। পরে নির্মমভাবে হত্যা করে লাশ এক শিল্প এলাকার আবর্জনার মধ্যে ফেলে দেয়।
গর্ভপাতে রাজি চিকিৎসকেরা
অন্যদিকে হরিয়ানাতেই সৎবাবার ধর্ষণে গর্ভবতী হয়ে পড়া ১০ বছরের মেয়েটির গর্ভপাত করাতে চিকিৎসকেরা রাজি হয়েছেন। আর চার মাস পর মেয়েটির সন্তান প্রসবের কথা। পরিবার তার গর্ভপাত করার আবেদন করেছিল। উল্লেখ্য, ভারতে মায়ের জীবন বিপন্ন না হলে ২০ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ।