রক্তে ভেসে যাচ্ছে যুবকের দেহ, পথচারীরা ব্যস্ত ভিডিও করতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে যান তরুণটি। রক্তে ভেসে যাচ্ছে তাঁর চারপাশ। সাহায্যের জন্য কাতর আবেদন করছেন তিনি পথচারীদের কাছে। কিন্তু কেউই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং দুর্ঘটনার ছবি তুলতে ব্যস্ত সবাই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা হচ্ছে আহত ছেলেটির ছবি। প্রায় ২৫ মিনিট পরে যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন তিনি মৃত।

গতকাল বুধবার ভারতের বেঙ্গালুরুর কোপালে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম আনোয়ার আলী (১৮)।

সাইকেলে চড়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন আনোয়ার। পেছন থেকে তাঁকে ধাক্কা দেয় একটি সরকারি বাস। ছিটকে রাস্তায় পড়ে যান আনোয়ার। প্রচণ্ড আঘাতে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। অবিরাম সাহায্যের জন্য কাতর আবেদন জানালেও কেউ এগিয়ে আসেনি। হাসপাতালে না নিয়ে ২৫ মিনিট ধরে আনোয়ারের ভিডিও করে পথচারীরা। ছবিও তোলে কেউ কেউ।

পথচারীদের কেউ কেউ তাঁকে পানি পান করতে দেয়। কেউ একজন এক সময় দয়া দেখিয়ে অ্যাম্বুলেন্স ডাকে। ২৫ মিনিট পর একটি অ্যাম্বুলেন্স ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁকে ৩৮০ কিলোমিটার দূরে বেঙ্গালুরুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎ​সকেরা বলেন, আনোয়ারকে সকাল ৯টা ১৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তিনি মারা যান বেলা ১টা ২০ মি​নিটে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মুত্যু হয়।

আনোয়ারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর ভাই রিয়াজ। তিনি বলেন, ‘আনোয়ারকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। সবাই ছবি তুলতে, ভিডিও করতেই ব্যস্ত ছিল। ১৫-২০ মিনিট নষ্ট হয়েছে ওখানে। আগে ওকে হাসপাতালে নিয়ে এলে হয়তো বেঁচে যেত।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, এত রক্ত বেরোচ্ছিল যে সবাই খুব ঘাবড়ে যায়। কেউ বুঝতেই পারছিল না কীভাবে সাহায্য করা যেতে পারে।

এ ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। টাইমস অব ইন্ডিয়া