ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র হরিয়ানায় ভূমি চুক্তির মাধ্যমে অবৈধভাবে প্রায় ৪৪ কোটি রুপি লাভ করেছেন। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) দপ্তরের খসড়া এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সিএজির দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের নেতৃত্বাধীন বিগত ইউপিএ সরকার ভদ্রকে এ কাজে সমর্থন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হরিয়ানা অঙ্গরাজ্যের ভূপিন্দর সিং হুডা সরকারের সঙ্গে মাত্র এক লাখ রুপির চুক্তি করে সরকারি জমিতে একটি বাণিজ্যিক কলোনি গড়ার অনুমোদন নেন রবার্ট ভদ্র। তাঁর প্রতিষ্ঠান স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড খুব দ্রুতই সেই জমি অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান ডিএলএফের কাছে ৫৮ কোটি রুপিতে বিক্রি করে দেয়। জমি কেনা ও বিভিন্ন ফি বাবদ ভদ্রর প্রতিষ্ঠান ব্যয় করে ১৪ কোটি ৩০ লাখ রুপি। তাদের নিজের কাছে সোয়া দুই কোটি রুপি রেখে বাকিটা সরকারের কাছে জমা দেওয়ার কথা ছিল। তা না করে ভদ্রের প্রতিষ্ঠান প্রায় ৪৪ কোটি রুপি লাভ করে।