রবার্ট ভদ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করছে হরিয়ানা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্য সরকার কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের জমি কেনাবেচার বিষয়ে তদন্ত শুরু করছে। রাজ্যের এক মন্ত্রী গতকাল বুধবার এই ঘোষণা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ গতকাল বলেন, ‘রাহুল গান্ধীর কেতাদুরস্ত জামাইবাবুর কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হবে। রবার্ট ভদ্র যা করেছেন তার জন্য শাস্তি হবে। তাঁকে কোনোক্রমেই ছাড়া হবে না।’
ভারতের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) অভিযোগ করেছে, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড্ডার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রবার্ট ভদ্রকে অন্যায় সুবিধা দিয়েছে। ভারতের আবাসন খাতের নামজাদা প্রতিষ্ঠান ডিএলএফের সঙ্গে কয়েক কোটি রুপির জমি অবৈধভাবে বেচাকেনার অভিযোগ আছে প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্টের বিরুদ্ধে।
রবার্টের প্রতিষ্ঠান স্কাইলাইট হসপিটালিটি ২০০৮ সালে ডিএলএফের কাছে ৫৮ কোটি রুপিতে হরিয়ানার গুরগাঁও জেলার মানেসর এলাকার খুব গুরুত্বপূর্ণ সাড়ে তিন একর জমি বেচে দেয়। তবে তাঁর প্রতিষ্ঠান এই জমিটি কেনে মাত্র ১৫ কোটি টাকায়।
রাজ্যের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আরেক তদন্তে দেখা গেছে, রবার্ট ভদ্রের প্রতিষ্ঠান সেই সময়ে রাজ্যে প্রাপ্য নির্ধারিত জমির চেয়ে বেশি জমি পেয়েছিল।