রবি ঠাকুরের নোবেল চোরকে ধরতে দায়িত্ব চায় মমতা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভারতীর রবীন্দ্র মিউজিয়াম থেকে চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক উদ্ধার করতে তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার সচিবালয় নবান্নে এ কথা জানিয়েছেন রাজ্যেও মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবারই বিশ্বভারতীতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওঁর (রবীন্দ্রনাথ) নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। আর নোবেলের রেপ্লিকা দেখে যে তিনি কষ্ট পান সে কথাও জানাতে ভোলেননি। তিনি জানিয়েছিলেন, সিবিআইয়ের পরিবর্তে তাঁকে দায়িত্ব দেওয়া হলে রবীন্দ্রনাথের চুরি হয়ে যাওয়া নোবেল পদক তিনি খুঁজে বের করবেনই।
এর পরেই নতুন করে রাজ্য সরকার কেন্দ্রের কর্মীরা ও প্রশিক্ষণ দপ্তরকে চিঠি পাঠিয়ে সিবিআইয়ের হাত থেকে রাজ্যের হাতে নোবেল চুরির তদন্তভার দেওয়ার অনুরোধ জানাতে চলেছে। সিবিআই তদন্ত যত দূর এগিয়েছে সেই সংক্রান্ত নথিও চাইবে রাজ্য সরকার। এর আগে গত ডিসেম্বরে একই দাবিতে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু দিল্লি থেকে সেবার কোনো উত্তর আসেনি।
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের বিচিত্রায় রবীন্দ্র মিউজিয়ামে কাচের বাক্স থেকে ২০০৪ সালের ২৫ মার্চ রবি ঠাকুরের ব্যক্তিগত কিছু সামগ্রীর সঙ্গে চুরি গিয়েছিল ভারতের প্রথম নোবেল প্রাপকের নোবেল পদকটি। সঙ্গে মানপত্রটিও। নোবেল ফাউন্ডেশন অবশ্য ২০০৫ সালে নোবেল পদকের দুটি রেপ্লিকা বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছিল। তাঁরই একটি এখন রবীন্দ্র মিউজিয়ামে রয়েছে।
রবি ঠাকুরের নোবেল পদক চুরির পর পশ্চিমবঙ্গেও সিআইডির বিশেষ টিম তদন্ত শুরু করলেও পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা বহু অনুসন্ধান করেও নোবেল পদক খুঁজে বের করতে পারেনি। একসময় তারা তদন্ত বন্ধও করে দিয়েছিল। বেশ কিছুদিন পরে ফের সিবিআই তদন্ত শুরু করলেও শেষ পর্যন্ত তারা কোনো সূত্র খুঁজে পায়নি।